image

দেড় বছরের অপেক্ষার অবসান, নির্ভয়ে ভোট দিন: দেশবাসীকে সেনাপ্রধানের আহ্বান

সংবাদ অনলাইন রিপোর্ট

দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় নির্বাচনে নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, গত দেড় বছর ধরে জাতি এই দিনটির অপেক্ষায় ছিল। আজ সেই কাঙ্ক্ষিত দিন এবং দেশজুড়ে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আদমজী কলেজে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারাদেশের নির্বাচনী পরিস্থিতির ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে জানিয়ে সেনাপ্রধান বলেন, সকাল থেকেই আমি সারাদেশের খবর নিয়েছি। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অত্যন্ত অনুকূল ও শান্তিপূর্ণ পরিবেশে মানুষ ভোট দিচ্ছেন।

তিনি আরও যোগ করেন, আমি মনে করি আজ আমাদের জাতীয় জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দের দিন। আমি ভোটারদের অনুরোধ করব—আপনারা নির্ভয়ে বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যান এবং আপনাদের পবিত্র আমানত (ভোট) প্রদান করুন।

নির্বাচন চলাকালীন সংবাদমাধ্যমের সক্রিয় অবস্থানের প্রশংসা করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, মিডিয়ার কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন। আপনারা সারাদেশের প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরছেন, যার ফলে সাধারণ মানুষ আশ্বস্ত হচ্ছে এবং ভোট দিতে উৎসাহিত হচ্ছে।

বক্তব্যের শেষ পর্যায়ে সেনাপ্রধান দেশবাসীর মঙ্গল কামনা করে বলেন, সবাই ভালো থাকেন। ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হবো।

উল্লেখ্য, দেড় বছরের দীর্ঘ প্রস্তুতি ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে এই জাতীয় নির্বাচন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য বাহিনীও মোতায়েন রয়েছে।

সম্প্রতি