image

নারী এজেন্টদের হেনস্তা করা হচ্ছে: তাসনিম জারা

সংবাদ অনলাইন রিপোর্ট

চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা অভিযোগ করেছেন যে, বিভিন্ন ভোটকেন্দ্রে তার নারী পোলিং এজেন্টদের হেনস্তা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ তুলে ধরেন।

তাসনিম জারা বলেন, বিভিন্ন কেন্দ্রে আমাদের পোলিং এজেন্টদের ভেতরে প্রবেশে বাধা দেয়া হচ্ছে। নানা অজুহাত দেখিয়ে তাদের ঢুকতে দেয়া হচ্ছে না। বিশেষ করে নারী এজেন্টদের হেনস্তার শিকার হতে হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, আমাদের চাওয়া কেবল একটাই—সবাই যেন সুষ্ঠুভাবে এবং উৎসবমুখর পরিবেশে নিজেদের ভোট প্রদান করতে পারেন।

আজ সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনের কিছু উল্লেখযোগ্য তথ্য নিচে দেওয়া হলো:

ভোটকেন্দ্র ও কক্ষ: সারাদেশে মোট ৪২,৭৭৯টি কেন্দ্রে ২ লাখ ৪৭,৪৮২টি ভোটকক্ষে ভোটগ্রহণ চলছে।

মোট প্রার্থী: নির্বাচনে ২,০২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের ১,৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৩ জন।

নারী প্রার্থী: এবারের নির্বাচনে মোট নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন)।

ভোটার সংখ্যা: ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ। হিজড়া ভোটার রয়েছেন ১,২৩২ জন।

অংশগ্রহণকারী দল: ছোট-বড় মিলিয়ে মোট ৫০টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিয়েছে।

উল্লেখ্য, শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন কমিশন ওই আসনের ভোটগ্রহণ বাতিল করেছে। ফলে আজ ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সম্প্রতি