image

দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৩৩ শতাংশ: ইসি

সংবাদ অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে গড়ে প্রায় ৩৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন পর্যন্ত দেশের কোথাও ভোটগ্রহণ বন্ধ হয়নি বলেও নিশ্চিত করেছে সংস্থাটি। দেশের মোট ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুপুর ১২টা পর্যন্ত গড়ে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। বাকি কেন্দ্রগুলোর তথ্য সংগ্রহ প্রক্রিয়াধীন রয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে সাংবাদিকদের ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

ইসি সচিব জানান, শহরের তুলনায় গ্রামীণ জনপদে ভোটারদের উপস্থিতি তুলনামূলক বেশি লক্ষ্য করা যাচ্ছে। অনেক এলাকায় সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। ভোটের সার্বিক পরিবেশ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে আখতার আহমেদ বলেন, এখন পর্যন্ত দেশের কোনো প্রান্তে ভোটগ্রহণ স্থগিত করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। কোনো কেন্দ্রেই ভোট বন্ধ হয়নি। কিছু স্থানে বিচ্ছিন্ন বিশৃঙ্খলার খবর পাওয়া গেলেও আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আখতার আহমেদ আরও জানান, বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই এবং ভোটাররা নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। যেখানেই উত্তেজনা বা অনিয়মের খবর পাওয়া যাচ্ছে, সেখানেই অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে।

সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। নির্বাচন কমিশনের আশা, দিন যত গড়াবে ভোটার উপস্থিতি আরও বাড়বে।

সম্প্রতি