image

চলছে ভোট গণনা, কে এগিয়ে

সংবাদ অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ শেষ হয়েছে বিকেল সাড়ে ৪টায়। এরপরই দেশের ২৯৯টি সংসদীয় আসনে শুরু হয়েছে ভোট গণনা। এখন সবার নজর ফলাফলের দিকে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোটগ্রহণ ছিল শান্তিপূর্ণ। তবে নির্বাচন চলাকালে পৃথক ঘটনায় অসুস্থ হয়ে চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিছু অভিযোগ উত্থাপিত হয়েছে।

আংশিক ফলের চিত্র

সামাজিক যোগাযোগমাধ্যমে বেসরকারিভাবে কিছু ফলাফল প্রকাশিত হচ্ছে। কয়েকটি মূলধারার গণমাধ্যমও তাদের সামাজিক মাধ্যমে কেন্দ্রভিত্তিক আংশিক ফল দিচ্ছে। এসব ফল বিশ্লেষণ করে প্রাথমিক যে চিত্র পাওয়া যাচ্ছে তা হলো—

এগিয়ে তারেক রহমান

ঢাকা-১৭ আসনের প্রাপ্ত প্রাথমিক ফলাফলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে রয়েছেন। এখন পর্যন্ত পাওয়া দুটি কেন্দ্রের ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ হাজার ৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৪৫৭ ভোট।

এক কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির

ঢাকা-১৫ আসনে (মিরপুর, ডিএনসিসি ওয়ার্ড ৪, ১৩, ১৪, ক্যান্টনমেন্ট, ডিএনসিসি ওয়ার্ড ১৬) ভোটের ১টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ১৩১০টি ভোট পেয়ে এগিয়ে আছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের মনোনীত বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান পেয়েছেন ১০৭৫টি ভোট।

এগিয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১ আসনে ১৮৫ কেন্দ্রের মধ্যে ২টির ফলে দেখা গেছে, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ১,৮২৩ ভোট। ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২,৪৭১ ভোট। এ দুই কেন্দ্রে ফখরুল এগিয়ে রয়েছেন।

তিন কেন্দ্রে এগিয়ে নাহিদ ইসলাম

ঢাকা-১১ আসনে (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা) ভোটের তিনটি কেন্দ্রের ফলাফলে ২ হাজার ৩৪১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের মনোনীত বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ১ হাজার ৫২০ ভোট। নাহিদ ইসলাম ৮২১ ভোটে এগিয়ে রয়েছেন।

মির্জা আব্বাস-নাসীরউদ্দীনের হাড্ডাহাড্ডি

ঢাকা-৮ আসনে ১০৮ কেন্দ্রের মধ্যে ২টির ফলে ধানের শীষের প্রার্থী পেয়েছেন ৫০০ ভোট। বিপরীতে নাসীরউদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৭১৮ ভোট। এখানে পাটওয়ারী এগিয়ে আছেন।

ঢাকা-১৯ আসন: ২৭৫ কেন্দ্রের মধ্যে ৩টির ফলে ধানের শীষের দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন পেয়েছেন ১,২৬৭ ভোট। প্রতিদ্বন্দ্বী শাপলাকলি প্রতীকের প্রার্থী দিলশানা পারুল পেয়েছেন ১,০২৮ ভোট। এ আসনে প্রাথমিক ফলে সালাউদ্দিন এগিয়ে।

ঝিনাইদহে বিজয়ী ধানের শীষের প্রার্থী

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সবগুলো কেন্দ্রের খসড়া ফলাফলে ধানের শীষের প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট। বেসরকারি খসড়া ফলফলে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী।

তবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া এসব ফল চূড়ান্ত নয়।

ভোটের হার প্রায় ৪৮ শতাংশ

বিকেল সোয়া চারটার দিকে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, প্রথম সাড়ে সাত ঘণ্টায় ভোট পড়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ। দেশের মোট ৩৬ হাজার ৩১টি কেন্দ্রের তথ্যের ভিত্তিতে দুপুর ২টা পর্যন্ত এ হার নির্ণয় করা হয়েছে। এর আগে দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে ভোট পড়ার হার ছিল ৩২ দশমিক ৮৮ শতাংশ। অর্থাৎ দুপুরের পর ভোটার উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ইসি সচিব বলেন, এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ভোট গণনা চলমান রয়েছে। কেন্দ্রভিত্তিক ফল আসার সঙ্গে সঙ্গে বদলে যেতে পারে চিত্র। আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটাররা। এখন প্রশ্ন, শেষ পর্যন্ত কে এগিয়ে থাকবে? ফলাফলই দেবে সেই উত্তর।

সম্প্রতি