image

ভোট উৎসব শেষে কে কী বললেন?

সংবাদ অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে প্রতিক্রিয়ার পালা। দিনভর ভোটগ্রহণকে ঘিরে উৎসবমুখর পরিবেশের কথা তুলে ধরে সন্তোষ, প্রত্যাশা ও সতর্কতার বার্তা দিয়েছেন শীর্ষ নেতারা।

জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন ও গণভোট সম্পন্ন হওয়ায় দেশবাসীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।ভোটগ্রহণ শেষে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম এবং নির্বাচন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পেশাদারিত্ব সম্মিলিতভাবে প্রমাণ করেছে—গণতন্ত্রের প্রতি জাতির অঙ্গীকার অটুট। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন বলেও উল্লেখ করেন তিনি।

এতটা উৎসবমুখর হবে ভাবিনি: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবারের ভোট এতটা উৎসবমুখর হবে—এটা কেউ ভাবেনি। বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি জানান, সারাদিনে প্রায় শতাধিক কেন্দ্র ঘুরে দেখেছেন এবং এখন পর্যন্ত নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।তিনি আশা প্রকাশ করেন, ফলাফলও ভালো হবে এবং জনগণ একটি নির্বাচিত সরকার ও কার্যকর সংসদ পাবে। দীর্ঘ সময়ের রাজনৈতিক সংগ্রামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণের অংশগ্রহণই এ নির্বাচনের সবচেয়ে বড় অর্জন।

জুলাইয়ের পরিবর্তন আজ বাস্তবে: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনের পর যে পরিবর্তন এসেছে, তা আজ বাস্তবে রূপ নেবে।ঢাকা-১৫ আসনের নির্বাচনি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের অবদান জাতি স্মরণ রাখবে। নতুন বাংলাদেশ গঠনের পথে এই নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

আগামী কয়েক ঘণ্টা সতর্ক থাকুন: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী মো. নাহিদ ইসলাম ভোটের শেষ সময়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, দেশ একটি যুগ-সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এবং জনগণের রায়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। যেসব ভোটার এখনো ভোট দেননি, তাদের দ্রুত কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি। একই সঙ্গে নির্বাচন-পরবর্তী কয়েক ঘণ্টা শান্ত ও সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

ভোটগ্রহণ শেষ, এখন সবার দৃষ্টি গণনার ফলাফলের দিকে। তবে দিনের শেষে শীর্ষ নেতাদের বক্তব্যে একটি বিষয় স্পষ্ট—এবারের নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পরিসরে নতুন প্রত্যাশা ও আলোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি