বৃহস্পতিবার,১২ ফেব্রুয়ারী ২০২৬ সকাল ৭টা ২৩ মিনিট। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দামোদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটের জন্য লাইনে অপেক্ষমান ছয়জন নারী। পুরুষদের লাইন ফাঁকা, একজনও নেই। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন। প্রিজাইডিং অফিসার এবং তার টিমও প্রস্তুত। সকাল সাড়ে ৭টায় ভোট শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয়নি, সব প্রার্থীর পোলিং এজেন্ট না থাকার কারণে। নারায়ণগঞ্জ-৩ আসনের মোট ২১০টি ভোটকেন্দ্রের মধ্যে এটি একটি। বিএনপি, জামায়াতে ইসলামীসহ দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে ১১জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী এই আসনে। এরমধ্যে দু’জন বিএনপির বিদ্রোহী প্রার্থী।
কিছু আসনের কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ জামায়াত জোটের
দুপুর ১২টার পর সারাদেশ থেকেই নানা অভিযোগ এসেছে: দাবি এনসিপির
পোলিং এজেন্ট ঢুকতে দেয়া হয়নি, আব্বাসের বিরুদ্ধে অভিযোগ পাটওয়ারীর
পোলিং এজেন্ট বের করে দেয়া হয়েছে, অভিযোগ তাসনিম জারার
আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়নি, কোনো কেন্দ্রে ভোট স্থগিতও হয়নি: ইসি
টাঙ্গাইলে ভোটকেন্দ্রে হামলা, ২ শতাধিক ব্যালট পেপার ছিনতাই
মুন্সিগঞ্জ ও গোপালগঞ্জে বোমা বিস্ফোরণ
জাল ভোট: ঝালকাঠি ও সিরাজগঞ্জে দু’জনকে দুই বছর করে কারাদণ্ড
ময়মনসিংহে ৫ তরুণ একসঙ্গে বুথে ঢুকে ব্যালটে সিল, সিসি ক্যামেরায় ধরা
মেহেরপুরে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ
‘ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর’ ভোট হয়েছে: দাবি প্রধান উপদেষ্টার
জয়ের ব্যাপারে আশাবাদী, আন্দোলনের সাথীদের নিয়ে দেশ পরিচালনার প্রত্যাশা তারেক রহমানের
দল, ব্যক্তি ও পরিবারের গণ্ডি অতিক্রম করে ১৮ কোটি মানুষের সরকার কায়েম হবে: প্রত্যাশা শফিকুর রহমান
ভোট শুরু না হওয়ার কারণ জানতে চাইলে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার সংবাদকে বলেন, ‘ভোটকক্ষগুলোতে পোলিং এজেন্টরা না এলে, তাদের খালি বাক্স না দেখিয়ে কীভাবে ভোট শুরু করা যাবে।’ এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াত, বিএনপিসহ আরও কয়েকটি দলের এজেন্টরা ইতস্তত ঘোরাঘুরি করছিলেন। এরমধ্যে কয়েকজন পুরুষ ভোটার ভোট দিতে এসেছেন। সকাল পৌনে আটটার দিকে পোলিং এজেন্টরা নিজ নিজ ভোটকক্ষে বসার পর ভোটগ্রহণ শুরু করেন প্রিজাইডিং অফিসার। এর কিছুক্ষণ আগে অবশ্য পৃথক কক্ষে নারীদের ভোটগ্রহণ শুরু হয়।
তবে শীতের সকালে ভোটারদের দেরি করে আসা স্বাভাবিক হিসেবেই দেখছেন স্থানীয়রা। দামোদরদীর বাসিন্দা খন্দকার জাবির সংবাদকে বলেন, ‘একটু বেলা হইলে, রইদ উঠলে মানুষ আসা শুরু করবো।’
একই অবস্থা দেখা গেছে সোনারগাঁয়ের খংসারদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৈদ্যের বাজার এনএএম পাইলট উচ্চ বিদ্যালয়, কাজী ফজলুল হক উইমেন্স কলেজসহ আরও কয়েকটি ভোটকেন্দ্রে। ভোটের লাইন নেই বললেই চলে।
এর আগে সকাল পৌনে সাতটার ঘটনা। ঢাকা-১১ আসন। মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় একটি ভোটকেন্দ্রের সামনে দেখা যায়, ভোটার সহায়তা কেন্দ্রে প্রার্থীর কর্মীরা ভোটারের অপেক্ষায় বসে আছেন। কথা হয় এনসিপির প্রার্থী নাহিদ ইসলামের একজন কর্মীর সঙ্গে। জানতে চাইলে সংবাদকে তিনি বলেন, ‘আমরা সকাল ছয়টা থেকে পেন্ডেলের নিচে বসে আছি। ভোটার আসলে ভোটার স্লিপ দিব। এখন পর্যন্ত একজনও আসেননি।
একই কথা জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী শেখ মো. ফজলে বারী মাসউদের কর্মীরা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে বলে দাবি করেন তারা।
তবে ঢাকার অনেক ভোটকেন্দ্রে সকাল সাড়ে সাতটার আগেই ভোটারা লাইনে দাঁড়িয়েছেন, এমন তথ্যও পাওয়া গেছে। গ্রামাঞ্চলেও অনেক এলাকায় ভোটগ্রহণ শুরুর আগে লাইন দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আবার অনেক স্থানে শুরুর দিকে ভোটারদের চাপ ছিল না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বেড়েছে বিভিন্ন কেন্দ্রে। অনেক স্থানে দুপুরে ফাঁকা থাকার পর বিকেলের দিকে আবার ভোটার বাড়তে দেখা যায়। আবার অনেক কেন্দ্রে বিকেলে ছিল ফাঁকা।
বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বৃহস্পতিবার শন্তিপূর্ণভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট শেষ হয়েছে। দেশের কোথাও বড় ধরনের সংঘাত-সংঘর্ষের খবর পাওয়া যায়নি। দেশজুড়ে মোটাদাগে শান্তিপূর্ণ নির্বাচন হলেও বেশ কিছু আসনের প্রার্থীরা অনিয়মের অভিযোগ তুলেছেন।
মুন্সীগঞ্জ ও গোপালগঞ্জে বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মেহেরপুরে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে ছোট-খাটো সংঘর্ষ ও বিশৃঙ্খলা এবং জাল ভোট দেয়ার খবর এসেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোট শুরু হয়ে একটানা চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। এরপর শুরু হয় ভোট গণনা।
নির্বাচন কমিশন (ইসি) জানায়, বেলা ২টা পর্যন্ত প্রায় ৪৮ শতাংশের মতো ভোট পড়েছে। সারাদেশে ৪৩ হাজারের মধ্যে ৩৬ হাজার কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই হিসাব করা হয়েছে। এর ভিত্তিতে ৫৫ থেকে ৬০ শতাংশের মতো ভোট পড়তে পারে বলে অনুমান করছেন ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নির্বাচন চলাকালে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধায় ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে অসুস্থবোধ করার পর। অন্যজনকে ধাক্কা দেয়ার অভিযোগ উঠেছে।
দলগুলোর যেসব অভিযোগ
কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ নিতে পারেনি। বিএনপি, জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত ৫০টি দল এই নির্বাচনে অংশ নিয়েছে। এ নির্বাচনে প্রার্থী ছিলেন ২,০২৮ জন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন।
এবারের ভোটে মোটাদাগে বিএনপি নেতৃত্বাধীন জোটের সঙ্গে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ১১ দলীয় জোট তিনটি আসনের কয়েকটি কেন্দ্রে ‘ভোটগ্রহণে বিশৃঙ্খলার’ অভিযোগ তুলেছে। জামায়াতের জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলেছে, দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ ‘সন্তোষজনক’ হলেও তারপর হতে সারাদেশ থেকে তারা বিভিন্ন অভিযোগ পেয়েছে। এছাড়া, ইসলামী আন্দোলন বাংলাদেশও ভোটের সময় বিভিন্ন স্থানে অনিয়মের অভিযোগ তুলেছে।
নির্বাচন কমিশন বলেছে, আশঙ্কাজনক কোনো পরিস্থিতি তৈরি হয়নি, কোনো কেন্দ্রে ভোট স্থগিতও হয়নি।
এবার সংসদীয় ৩০০ আসনের মধ্যে ভোটগ্রহণ হয় ২৯৯টি আসনে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসন স্থগিত রয়েছে। গণভোট হয়েছে জুলাই সনদের সংবিধান সংস্কার সংক্রান্ত ৪৮ দফা বাস্তবায়নে জনগণের সম্মতি নিতে। এবার ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।
শহর ও গ্রামের পরিবেশ
ছাত্র-জনতার আন্দোলনে চব্বিশের ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের তিনদিন পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাষ্ট্র ক্ষমতায় আসে। দায়িত্ব নেয়ার প্রায় দেড় বছরের মাথায় ভোটের আয়োজন করে নতুন সরকার। এ ভোটে সকাল থেকে উৎসাহের সঙ্গে ভোট দিতে আসতে দেখা যায় ভোটারদের। শহর ও গ্রামের ভোটকেন্দ্রগুলোর বেশিরভাগ এলাকায় ছিল শান্তিপূর্ণ পরিবেশ।
এবার সংসদ নির্বাচনের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে চতুর্থবারের মতো গণভোট দেন ভোটাররা। একই বাক্সে দুই ব্যালটে ভোট দিয়েছেন ভোটাররা। সংসদ নির্বাচনের ব্যালট ছিল সাদা আর গণভোটের ব্যালট ছিল গোলাপি।
প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ‘শান্তিপূর্ণভাবে’ শেষ হওয়ায় জাতিকে ‘আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা’ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এ নির্বাচনকে দেশের ‘ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর’ বলে দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে নির্বাচনের ভোটগ্রহণ শেষে তিনি বলেন, ‘ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলসমূহের দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম ও নির্বাচন-সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের পেশাদারত্ব- এই সম্মিলিত প্রচেষ্টাই প্রমাণ করেছে যে গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকার অটুট। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন।’
রাজনৈতিক দল ও প্রার্থীদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও যেন গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট থাকে। মতের ভিন্নতা থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’ এর আগে সকালে ঢাকার গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর প্রধান উপদেষ্টা এবারের ভোটের দিনটিকে ‘মুক্তির দিন’ হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, ‘খুব ভালো লাগলো। এটা আমার জীবনে মহানন্দের দিন। এবং বাংলাদেশের সবার মনে এটা মহানন্দের দিন, মুক্তির দিন।’
কাছাকাছি সময়ে রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আমি ওয়াদা করেছিলাম, ফেস্টিভ মোডে আমরা একটা ইলেকশন জাতিকে উপহার দিব। আপনার দেখেছেন এই কয়দিনে ঈদের দিনের মতো ঈদুল ফিতর বা ঈদুল আযহার মতো মানুষ ট্রেনে, বাসে ও লঞ্চে করে গ্রামে-গঞ্জে চলে গেছে। আমি আমার নিজের গ্রামের এবং বিভিন্ন জায়গার কথা বলেছি, গ্রামে-গঞ্জে মানুষ উৎসবের আনন্দে মেতে উঠেছে।’
আশাবাদী তারেক
দেশজুড়ে ভোটার উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে বিএনপির জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দুপুরে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, ‘আমরা বলেছি যে আমরা যেসব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা চাই কম-বেশি সবাইকে নিয়ে একসঙ্গে দেশ পরিচালনা করতে।’
অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের জোটসঙ্গী জামায়াতে ইসলামী এবার বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে।
উচ্ছ্বসিত শফিকুর
সকালে মিরপুরের ৬০ ফিট এলাকায় মনিপুর উচ্চ বিদ্যালয়ের বালক শাখা কেন্দ্রে ভোট দেন জামায়াতের আমির শফিকুর রহমান। ভোটের অধিকার ফিরে পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনার দিন হলো, সেই দোয়া করি।’
ভোটের পরিবেশ নিয়ে দুপুর ২টায় ঢাকা-১৫ আসনে নিজের প্রধান নির্বাচনী কার্যালয়ে ব্রিফিংয়ে শফিকুর রহমান বলেন, ‘তখন (ভোট দেয়ার সময়) সেখানে স্বাভাবিক অবস্থা বিরাজমান দেখেছি এবং ভোটার উপস্থিতিও ছিল লক্ষণীয়। এরপরে আমি ক্রমান্বয়ে অনেকগুলো সেন্টার দেখার চেষ্টা করেছি। আমি যেখানে যেখানে গিয়েছি, (তার মধ্যে) দু-একটা সেন্টার ছাড়া বাকি সেন্টারগুলোর টার্নআউট ছিল খুবই সন্তোষজনক।’
পরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকরা জোর করে মনিপুর উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ঢুকে পড়েন বলে ব্রিফিংয়ে অভিযোগ তোলেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘এই আসনের (ঢাকা-১৫) সর্বাধিক সংখ্যক ২৬ হাজার ভোট রয়েছে ওই কেন্দ্রে। সেই জায়গায় হঠাৎ করে আমাদের প্রতিদ্বন্দ্বী দলের কিছু লোক বেপরোয়াভাবে ঢুকে পড়েন। তারা ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করেন এবং অহেতুক হস্তক্ষেপ করেন। এমনকি আমাদের যারা ভোটার এবং সমর্থক, তাদের শারীরিকভাবে নাজেহাল করেন।’
বৈষম্যবিরোধীদের গড়া দল এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আজকে এদেশের মালিকানা বুঝে নেয়ার দিন। ১৬ বছর সুষ্ঠু নির্বাচনের সুযোগ ছিল না, আমাদের আজকে সুযোগ এসেছে।’
সর্বোচ্চসংখ্যক আসন নিয়ে ১১-দলীয় নির্বাচনী ঐক্য নির্বাচিত হবে, এমনটাই আশা প্রকাশ করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়ায় এই নেতা বলেন, ‘আমরা ১১ দলীয় নির্বাচনী ঐক্যের যে ২৯৯ জন প্রার্থী দিয়েছি, আশা করছি সর্বোচ্চসংখ্যক আসন নিয়ে নির্বাচিত হয়ে আমরা দেশবাসীর প্রত্যাশা পূরণ করবো।’
অনিয়ম, ইসিতে ইসলামী আন্দোলন
পটুয়াখালী- ১, নোয়াখালী-১, ভোলা-১ ও নরসিংদী-৫ আসনের বিভিন্ন কেন্দ্রে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন কমিশনে এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পাশাপাশি অনিয়মের অভিযোগ এনে পটুয়াখালী-১ আসনের দুটি ইউনিয়নে ভোট বাতিল চেয়েছে দলটি। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় দলটির পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল ইসিতে আসে। তারা ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক করে এসব অভিযোগ জানান।
জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, তার দল নির্বাচনে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করবে। তিনি বলেন, ‘যদি নির্বাচনে অনিয়মের কোনো আলামত পরিপূর্ণভাবে আমরা পাই তাহলে সেটা নিয়ে দলীয় চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করবো। যদি দেখি ভোট সুষ্ঠু হচ্ছে না, তখন আমরা দলীয় ফোরাম থেকে সিদ্ধান্ত নেব।’
নির্বাচন কমিশনের দেয়া ভোটার তালিকার সঙ্গে কয়েকটি কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের কাছে থাকা ভোটার তালিকায় ‘অমিল’ থাকার অভিযোগ করেন ঢাকা ১৩ আসনের ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ।
ক্ষমতা দেখানো
এদিকে রাজধানীতে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে গিয়ে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েন ঢাকা-৮ আসনের প্রার্থী এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী। পরে সেনাবাহিনী তাকে উদ্ধার করে নিয়ে আসে। এর আগে তিনি অভিযোগ করেন, তার প্রতিদ্বন্দ্বী বিএনপির মির্জা আব্বাস ‘ক্ষমতা দেখিয়ে’ তিন ঘণ্টা তার পোলিং এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেয়নি।
পোলিং এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ তোলেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেতা তাসনিম জারা।
জাল ভোট, ব্যালট ছিনতাই, সিল
ঝালকাঠির নলছিটি উপজেলায় জাল ভোট দেয়ার চেষ্টার অভিযোগে এক নারীকে দুই বছর সশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানান ঝালকাঠির অতিরিক্ত জেলা জজ মিস মুক্তা রানী। দণ্ড পাওয়া ছাবিনা বেগম (৩৪) ওই এলাকার শুক্কুর আলী হাওলাদারের মেয়ে। তিনি ওই কেন্দ্রের ভোটার ছিলেন।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কেন্দ্রে হামলা চালিয়ে ২ শতাধিক ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায় কিছু লোক। এ সময় দু’জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রসুলপুরের সরাবাড়ী ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। আটকরা হলেন ওই এলাকার মান্নান ও আলমগীর।
কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা খাইরুল বাসার সাংবাদিকদের বলেন, সকাল থেকেই ভোট সুষ্ঠুভাবে হচ্ছিলো। হঠাৎ কয়েকজন এসে কেন্দ্রে হামলা করে। পরে তারা সহকারী প্রিজাইডিং কর্মকর্তার স্বাক্ষর ছাড়া দুই শতাধিক ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়। খাইরুল বলেন, ‘তারা ধানের শীষের লোক বলে শুনেছি। পরে দু’জনকে আটক করেছে সেনাবাহিনী। ব্যালট নেয়ার সময় তাদের দেখা গিয়েছিল বলে দায়িত্বরত পুলিশ সদস্য শনাক্ত করেছে।’
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জাল ভোট দিতে গিয়ে আটক হওয়ার পর এক যুবককে দুই বছরের কারাদণ্ড দেয় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানান নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. সানু আকন্দ। দণ্ডিত ২২ বছর বয়সী রুবেল হোসেন উপজেলার কয়ড়া চরপাড়ার আলতাফ হোসেনের ছেলে।
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে পাঁচজন তরুণ ভোটকেন্দ্রের বুথে গিয়ে ব্যালট পেপারে সিল মারেন। উপজেলার মেদুয়ারী ইউনিয়নের লোহাবৈ বরাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। উপজেলা পরিষদের কন্ট্রোল রুমে সিসিটিভি ক্যামেরায় ঘটনা দেখার পরপরই সেখানে পুলিশ ও ম্যাজিস্ট্রেট যান। ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। আধা ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। তাদের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, আর নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। এছাড়া এক হাজার ২৩২ জন হিজড়া ভোটার তালিকাভুক্ত হয়েছিলেন।
এবার প্রথমবারের মতো প্রবাসে ও দেশে আইটি সাপোর্টেড যে পোস্টাল ভোটিং চালু করা হয়েছে, তার সোয়া ১১ লাখ ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে।
ইসি কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত সাড়ে ১১ লাখ ২৫ হাজার ৩৮২টি ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে। এর মধ্যে বিদেশ থেকে এসেছে ৪ লাখ ৮৮ হাজার ২৮১ ভোট। দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছে ছয় লাখ ৩৭ হাজার ১০১ ব্যালট। এবার প্রবাসে ও দেশের ভেতরে প্রায় ১৫ লাখ ২৮ হাজারের বেশি ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে অনুমোদন পান।