image

সরকার গঠনের পথে বিএনপি

সংবাদ অনলাইন রিপোর্ট

গতকাল অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এটিই ছিলো প্রথম জাতীয় নির্বাচন। এবারের নির্বাচনে ২৯৯টি আসনে দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবারের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এখন পর্যন্ত আসন নির্বাচনের তথ্য সেটাই ইঙ্গিত করছে।

জানা গেছে, ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে ১৭৫টি আসনে জয় পেয়েছে দলটির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা। অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থীরা ৫৬টি আসনে জয়লাভ করেছেন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি ৬টি এবং স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা ১১টি আসনে জয় পেয়েছেন। বাকি ৪২টি আসনের ফলাফল এখনো প্রক্রিয়াধীন।

সে হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে পরবর্তী সরকার গঠনের পথে রয়েছে বিএনপি। আর প্রধান বিরোধী দল হচ্ছে জামায়াতে ইসলাম।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০০১ সালের সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল। ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র প্রদানের মাধ্যমে সেই মেয়াদের সমাপ্তি ঘটে। দীর্ঘ ৯ বছর স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়ে ১৯৯১ সালের নির্বাচনে জয়ী হয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বেগম খালেদা জিয়া। এছাড়া ১৯৯৬ সালেও স্বল্প সময়ের জন্য সরকার গঠন করেছিল বিএনপি।

‘জাতীয়’ : আরও খবর

» ‘সংশয়’ ও ‘অস্পষ্টতা’ নিয়ে অনুষ্ঠিত হচ্ছে গণভোট

সম্প্রতি