সারাদেশে মোটরসাইকেল চলাচলে আজও নিষেধাজ্ঞা অব্যাহত আছে।
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণের জন্য যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। তারই অংশ হিসেবে আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এই নিষেধাজ্ঞা জারি থাকবে।
তবে, মোটরসাইকেল ছাড়া সব ধরনের যানবাহন চলাচল করবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব আল-আমিন মো. নুরুল ইসলামের সম্প্রতি স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণের জন্য ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত (২৪ ঘণ্টা) ট্যাক্সি ক্যাব, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
একইসঙ্গে ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত পর্যন্ত (৭২ ঘণ্টা) মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
প্রসঙ্গগত, গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে ২৯৯টি আসনে দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।