image

নির্বাচনের ফলাফল ঘোষণায় ‘চক্রান্ত ও ষড়যন্ত্রের’ অভিযোগ নিয়ে ইসিতে জামায়াত

সংবাদ অনলাইন রিপোর্ট

নির্বাচনের ফলাফল ঘোষণায় ‘চক্রান্ত ও ষড়যন্ত্রের’ অভিযোগ নির্বাচন কমিশনে এমন অভিযোগ জানিয়েছে জামায়াতে ইসলামী।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

অভিযোগ করেছেন, “ভোট গণনা ও ফলাফল ঘোষণার ক্ষেত্রে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অস্বাভাবিক বিলম্ব করছেন। একাধিক আসনে ফলাফল পরিবর্তনের ঘটনা ঘটেছে।”

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “ভোট গণনার কাজে নির্বাচন কমিশনের যারা জড়িত আছেন—রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং ইসির সদস্যরা, তারা নির্বাচনের ফলাফল ঘোষণার ক্ষেত্রে অস্বাভাবিকভাবে বিলম্ব করছেন। ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের আসনগুলোতে দায়িত্বরত এজেন্টদের কাছ থেকে পাওয়া শিট অনুযায়ী রাত ৮টা থেকে ৯টার মধ্যে ফলাফল ঘোষণা করার কথা ছিল, কিন্তু তা হয়নি।”

জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, “কর্মকর্তারা ভুলের কথা বলে ফলাফল চেঞ্জ করেছেন এবং এসব আসনে কাটাকাটি করে পাঁচ হাজার ভোট কমানো হয়েছে একটি বিশেষ দলের প্রধানকে সুবিধা দেওয়ার জন্য।”

ঢাকার প্রায় সব আসনেই ১১ দলীয় জোটের প্রার্থীদের ফলাফল ঘোষণায় গড়িমসি করা হয়েছে, বিশেষ করে ঢাকা-১৫ আসনের এমন প্রসঙ্গ তুলে তিনি বলেন, “সেখানে জামায়াতের আমির নির্বাচন করেছেন। ওই আসনে তিন লাখের কিছু বেশি ভোটার এবং ১১৯টি কেন্দ্র রয়েছে।” তার দাবি, বড় বড় আসনে দ্রুত ফলাফল ঘোষণা করা হলেও ওই আসনে এখনও ফলাফল দেওয়া হয়নি। অথচ, এক প্রার্থী পাস করার দাবি করলেও তাদের হিসাবে ২০ হাজার ভোটে এগিয়ে আছেন জামায়াতের আমির।

তিনি অভিযোগ করেন, “একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্টরা ষড়যন্ত্রমূলকভাবে জড়িত। সারাদেশের আসন নিয়ে পর্যবেক্ষণ ও পর্যালোচনায় একই ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্রের চিত্র পাওয়া যাচ্ছে।” এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি। ১৪০০ শহীদ হয়েছেন, এই ধরনের আরেকটি নতুন ফ্যাসিবাদ কায়েমের জন্য নয়। আমরা আগেও বলেছি ষড়যন্ত্রের কাছে মাথা নত করবো না। দেশবাসীকে সঙ্গে নিয়ে এই চক্রান্তের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবো। প্রয়োজনে এই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে।”

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি