image

নির্বাচনে আলোচিত যারা: জয় পেলেন হেভিওয়েটরা, অনেক তারকার ভরাডুবি

সংবাদ অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার সাথে সাথে স্পষ্ট হয়ে উঠছে আগামীর সংসদের মানচিত্র। এবারের নির্বাচনে অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি আলোচনার কেন্দ্রে ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের পরিচিত মুখ ও তরুণ প্রার্থীরা। তবে ফলাফলে দেখা গেছে মিশ্র চিত্র পুরানো অনেক নেতা তাদের আসন ধরে রাখতে পারলেও, জনপ্রিয়তার তুঙ্গে থাকা বেশ কয়েকজন আলোচিত প্রার্থী বিএনপি প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন।

বিজয়ী হলেন যারা

নির্বাচনে প্রধান তিন রাজনৈতিক শক্তির শীর্ষ নেতারা তাদের নিজ নিজ আসনে জয় নিশ্চিত করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বড় ব্যবধানে জয়ী হয়েছেন। এছাড়া আলোচিত নেত্রী রুমিন ফারহানা, আলোচিত নেতা ফজলুর রহমান ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন নিজ নিজ আসনে বিজয়ী হয়েছেন।

গণ-অভ্যুত্থানের অন্যতম রূপকার নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও হান্নান মাসউদ নির্বাচনে জয়লাভ করে সংসদে নিজেদের জায়গা করে নিয়েছেন। এছাড়া গণঅধিকার পরিষদের নুরুল হক নুরও এই নির্বাচনে জয়ীদের তালিকায় রয়েছেন।

হেভিওয়েট ও আলোচিতদের পরাজয়

সবচেয়ে বেশি চমক দেখা গেছে পরাজয়ের তালিকায়। বিশেষ করে ঢাকার মাঠ কাঁপানো অনেক আলোচিত মুখ এবার জয়ের দেখা পাননি।

•ছাত্র নেতৃত্ব: আলোচিত ছাত্র নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী (ঢাকা) ও সারজিস আলম (পঞ্চগড়) বিএনপি প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন। এছাড়া জনপ্রিয় চিকিৎসক ও ইনফ্লুয়েন্সার তাসনিম জারাও ভোটে হেরে গেছেন।

•ধর্মীয় ও পুরানো নেতা: খেলাফত মজলিসের নেতা মামুনুল হক, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম পরাজিত হয়েছেন। পরাজয়ের তালিকায় আরও রয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারি।

•বিশেষ উল্লেখ: জামায়াতের প্রার্থী হয়ে আলোচনায় আসা কৃষ্ণ নন্দী বিএনপি প্রার্থী আমীর এজাজ খানের কাছে হেরে গেছেন।

গোপালগঞ্জে বিএনপির রাজত্ব

এবারের নির্বাচনের অন্যতম বড় চমক ছিল আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত গোপালগঞ্জ জেলা। দীর্ঘ সময় পর এই জেলার তিনটি আসনেই বিএনপি দলীয় প্রার্থীরা জয়লাভ করেছেন। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় এই প্রথম এলাকাটি বিএনপির দখলে গেল।

অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্য

শান্তিপূর্ণ ভোটগ্রহণের দাবি করা হলেও প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল বিএনপি ও জামায়াতে ইসলামী একে অপরের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছে। বিভিন্ন কেন্দ্রে জালিয়াতি, কারচুপি ও কেন্দ্র দখলের মতো অনিয়মের পাল্টাপাল্টি অভিযোগ করেছেন প্রার্থীরা। তবে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার দাবি জানিয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি