ব্যাপক বিজয়ের পর তারেক রহমানকে অভিনন্দন জানালো বিভিন্ন দেশ

সংবাদ অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্যাপক বিজয়ের পর বিএনপি এবং দলের চেয়ারম্যান তারেক রহমানকে বিভিন্ন দেশের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। যেসব দেশ বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে তার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীন, বৃটেন, পাকিস্তান, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল ইত্যাদি।

নির্বাচনে ‘ঐতিহাসিক বিজয়ের জন্য’ বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

শুক্রবার, (১৩ ফেব্রুয়ারী ২০২৬) সকালে ঢাকার মার্কিন দূতাবাসের ফেইসবুক পেইজে দেয়া এক পোস্টে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। পোস্টে বলা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। তাতে বলা হয়েছে, ‘আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য অর্জনে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র অধীর আগ্রহে অপেক্ষা করছে।’

তারেককে মোদীর অভিনন্দন

তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজয়ে নেতৃত্ব দেয়ার জন্য তারেক রহমানকে এক্স বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন মোদী। তারেক রহমানকে উদ্দেশ্য করে মোদী বলেন, ‘এই জয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে ভারত।’

বাংলাদেশ-ভারতের আগামী সম্পর্ক নিয়ে মোদী বলেন, ‘আমাদের বহুমুখী সম্পর্ক জোরদার করতে এবং আমাদের সাধারণ উন্নয়ন লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে আপনার সঙ্গে কাজ করার জন্য আমি উন্মুখ।’

মালদ্বীপের প্রেসিডেন্ট

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। একই সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেইসবুক অ্যাকাউন্টে দেয়া বার্তায় মালদ্বীপ প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, ‘বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অসাধারণ বিজয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন। একই সঙ্গে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের অভিনন্দন

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এক্স পোস্টে বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে এই বিজয়ে নেতৃত্ব দেয়ার জন্য তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে শেহবাজ শরীফ। এছাড়া সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছেন জারদারি।

বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ককে ‘ঐতিহাসিক, ভ্রাতৃসূলভ’ বর্ণনা করে শেহবাজ শরীফ বলেন, ‘দুই দেশের বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে ও শান্তি, স্থিতিশীলতা, দক্ষিণ এশিয়া তথা সামগ্রিক উন্নয়নের অভিন্ন লক্ষ্য পূরণে আমি বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।’

অভিনন্দন আমার তারেক

ভাইকে: মমতা

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে মমতার এক্স অ্যাকাউন্টে পোস্টটি দেয়া হয়েছে। পোস্টে মমতা লিখেছেন, ‘বাংলাদেশের সব ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।’ ওই এক্স পোস্টে মমতা দ্বিপক্ষীয় সুসম্পর্ক বজায় থাকার ব্যাপারেও আশাবাদ জানিয়েছেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শুক্রবার ফেইসবুকে দেয়া এক পোস্টে নির্বাচনের ফলাফলকে গণতন্ত্রের বিজয় হিসেবেও উল্লেখ করেছেন। আনোয়ার ইব্রাহিম বলেন, অত্যন্ত চ্যালেঞ্জের মধ্যে থাকার পরও বাংলাদেশের জনগণ ব্যালটের মাধ্যমে একটি স্পষ্ট রায় দিয়েছেন। আনোয়ার ইব্রাহিম লেখেন, বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে মালয়েশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। তিনি মালয়েশিয়ার জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

বিএনপি ও বাংলাদেশের জনগণকে চীনের অভিনন্দন

এক বার্তায় ঢাকাস্থ চীনা দূতাবাস বলেছে, ‘একটি অবাধ ও সফল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। সেই সঙ্গে নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেও (বিএনপি) জানাই আন্তরিক অভিনন্দন।’ চীনা দূতাবাস আরও বলেছে, ‘আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় রচনার অপেক্ষায় আছি।’

নেপালের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কারকি। একই সঙ্গে এই নির্বাচন সফলভাবে পরিচালনার জন্য বাংলাদেশ সরকার এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন। পোস্টে তিনি উল্লেখ বলেন, ‘১৩তম সংসদ নির্বাচন সফলভাবে পরিচালনার জন্য বাংলাদেশের সরকার এবং জনগণকে উষ্ণ অভিনন্দন!

অভিনন্দন জানালো ব্রিটিশ হাইকমিশনার

ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের এক বার্তায় বলা হয়, ‘নির্বাচনে বিজয়ের জন্য তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অভিনন্দন এবং বাংলাদেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন।’ এতে আরও বলা হয়, ‘আমরা আমাদের অভিন্ন অগ্রাধিকারের ক্ষেত্রে যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু এবং নিরাপত্তা নিয়ে একযোগে কাজ করতে আগ্রহী’।

‘জাতীয়’ : আরও খবর

» আইনি ভিত্তি পেলে ভোট পুনর্গণনার আবেদন করবো: গোলাম পরওয়ার

» ৬৮.০৫ শতাংশ গণভোটে ‘হ্যাঁ, আসবে কী কী বদল

» গোপালগঞ্জে ‘না’ ভোট জয়ী

» ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক শক্তিশালী হবে’

» আমন্ত্রণ পেলেও নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ভারত: জয়সওয়াল

» গণভোট: ‘হ্যাঁ’-এর পক্ষে ৬৮ শতাংশের বেশি ভোটার

» নিরঙ্কুশ জয়ে সরকারে বিএনপি, ‘আশাহত’ জামায়াত বিরোধীদলে

সম্প্রতি