আমন্ত্রণ পেলেও নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ভারত: জয়সওয়াল

সংবাদ ডেস্ক

গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ঢাকা থেকে আমন্ত্রণ জানানো হলেও কোনো পর্যবেক্ষক পাঠায়নি ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ সম্মেলনের বিবরণে এ তথ্য জানা যায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমরা আমন্ত্রণ পেয়েছিলাম। তবে আমরা বাংলাদেশে কোনো পর্যবেক্ষক পাঠাইনি।

তিনি বলেন, ভারত বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায়।

বাংলাদেশে নির্বাচনের ফলাফল ও জনগণের ম্যান্ডেট কী হয়, তা জানার জন্য ভারত আগামী কয়েক ঘণ্টা অপেক্ষা করবে বলে জানান মুখপাত্র। ফলাফল প্রকাশের পরই নয়াদিল্লি তাদের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করবে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করেন, বাংলাদেশে বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহারে উল্লিখিত প্রতিরক্ষা আধুনিকায়ন পরিকল্পনা ভারতের জন্য উদ্বেগের কারণ কিনা। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে এখন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, নির্বাচনের ফলাফল কী আসে এবং জনগণের ম্যান্ডেট কেমন হয়, তা দেখার জন্য আমাদের অপেক্ষা করা উচিত। এরপরই আমরা বিভিন্ন বিষয় খতিয়ে দেখবো।

নির্বাচনের আগে বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে সহিংসতার অভিযোগ ও ভারতের প্রত্যাশা নিয়ে করা এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ভোট গ্রহণ চলছে। আজ বা কালকের মধ্যে ফলাফল চলে আসবে। এরপরই আমরা আমাদের মূল্যায়ন ও অবস্থান তুলে ধরবো।

ভারত সরকার নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি দেবে কিনা, এমন প্রশ্নের জবাবেও তিনি ধৈর্য্য ধরার পরামর্শ দেন। তিনি বলেন, এটি মাত্র কয়েক ঘণ্টার ব্যাপার। ফলাফল আসার পর আমরা সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করবো।

‘জাতীয়’ : আরও খবর

» আইনি ভিত্তি পেলে ভোট পুনর্গণনার আবেদন করবো: গোলাম পরওয়ার

» ৬৮.০৫ শতাংশ গণভোটে ‘হ্যাঁ, আসবে কী কী বদল

» গোপালগঞ্জে ‘না’ ভোট জয়ী

» ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক শক্তিশালী হবে’

» গণভোট: ‘হ্যাঁ’-এর পক্ষে ৬৮ শতাংশের বেশি ভোটার

» ব্যাপক বিজয়ের পর তারেক রহমানকে অভিনন্দন জানালো বিভিন্ন দেশ

» নিরঙ্কুশ জয়ে সরকারে বিএনপি, ‘আশাহত’ জামায়াত বিরোধীদলে

সম্প্রতি