ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ ও রেকর্ড বিজয়ের পর সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, আজ বিকেল ৩টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই সংবাদ সম্মেলন শুরু হবে। নির্বাচনে বিশাল জয়ের পর এটিই হবে দলটির পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া।
দলীয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে তারেক রহমান নির্বাচনের ফলাফল নিয়ে দলের অবস্থান পরিষ্কার করবেন।
এছাড়া নতুন সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের রাষ্ট্র পরিচালনার কর্মপরিকল্পনা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।
ঐতিহাসিক এই জয়ের পর গত শুক্রবার গভীর রাত পর্যন্ত গুলশানে নিজ কার্যালয়ে অবস্থান করেন তারেক রহমান। এ সময় দলের শীর্ষ নেতারা তাঁর সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। নতুন সরকার গঠন ও মন্ত্রিসভার রূপরেখা নিয়ে তিনি দফায় দফায় বৈঠক করেছেন বলে জানা গেছে। প্রিয় নেতাকে একনজর দেখতে গভীর রাত পর্যন্ত কার্যালয়ের সামনে ভিড় জমান উচ্ছ্বসিত নেতাকর্মীরা।
দেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে তারেক রহমান আগামীর বাংলাদেশের একটি রূপরেখা তুলে ধরবেন, যা দেশি-বিদেশি মহলের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সারাদেশ: রাজধানীতে গাড়ির ধাক্কায় যুবক নিহত