ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ ও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক অভিনন্দন বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিনন্দন বার্তায় অধ্যাপক ইউনূস বলেন, আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে অভিনন্দন।
জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
তারেক রহমানের উদ্দেশে প্রধান উপদেষ্টা তাঁর বার্তায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কথা বিশেষভাবে স্মরণ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, তাঁদের আদর্শ ও মহান কর্ম তারেক রহমানের আগামী দিনের পথচলাকে আলোকিত করবে।
প্রফেসর ইউনূস তাঁর বার্তায় দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে বলেন, রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনে তারেক রহমানের প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনা দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবে।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ আজ বৈশ্বিক পরিমণ্ডলে নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা এবং আন্তর্জাতিক কূটনীতিতে মেধা ও প্রজ্ঞার প্রয়োগ অপরিহার্য। তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে এবং আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিবর্তনের এই সংবেদনশীল সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে তারেক রহমানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনকালে আপনার মূল্যবান সহযোগিতা ও ইতিবাচক অবস্থান জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
পরিশেষে, দেশের মানুষের কল্যাণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তারেক রহমানের সকল উদ্যোগের সাফল্য কামনা করে অধ্যাপক ইউনূস বলেন, মহান আল্লাহ আপনাকে দেশ ও জাতির সেবায় প্রজ্ঞা, ধৈর্য ও দৃঢ়তা দান করুন।
সারাদেশ: রাজধানীতে গাড়ির ধাক্কায় যুবক নিহত