জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬টি আসনে জয়লাভ করায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যে সাহস, দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করেছে, তা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
তিনি আরও উল্লেখ করেন, মাত্র এক বছর আগে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে জন্ম নেওয়া একটি নবীন দল হিসেবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৬টিতে বিজয় এবং আরও কয়েকটি আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা এক অসাধারণ অর্জন।
চব্বিশের উত্তাল দিনগুলোর স্মৃতিচারণ করে অধ্যাপক ইউনূস বলেন, নাহিদ ইসলামের নেতৃত্ব ও অদম্য মনোবল আন্দোলনকে সুশৃঙ্খল ও লক্ষ্যাভিমুখী করে তুলেছিল। তরুণ সহযোদ্ধাদের সেই আত্মত্যাগ ও দৃঢ় অবস্থান জাতির হৃদয়ে গভীর কৃতজ্ঞতার অনুভূতি জাগ্রত করেছে।
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের প্রশংসা করে সরকারপ্রধান বলেন, আপনাকে উপদেষ্টা পরিষদে সহকর্মী হিসেবে পাওয়ার সুযোগ আমার জন্য এক মূল্যবান অভিজ্ঞতা। আপনার কর্মদক্ষতা, নীতিগত দৃঢ়তা এবং প্রশাসনিক প্রক্রিয়া বোঝার আগ্রহ আমাকে মুগ্ধ করেছে।
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, সংসদে অর্জিত প্রতিনিধিত্বের মাধ্যমে এনসিপি জনগণের, বিশেষ করে তরুণ প্রজন্মের স্বপ্ন ও প্রত্যাশা তুলে ধরবে। গঠনমূলক ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চার মাধ্যমে দলটি গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেবে বলে তিনি বিশ্বাস করেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণরা জাতীয় নাগরিক পার্টি গঠন করেন। নির্বাচন কমিশন থেকে শাপলা কলি প্রতীক বরাদ্দ পাওয়া এই দলটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়ে এবারের নির্বাচনে অংশগ্রহণ করে।