image

১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথ: জানালেন মন্ত্রিপরিষদ সচিব

সংবাদ অনলাইন রিপোর্ট

নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনে আয়োজিতব্য এই শপথ অনুষ্ঠানে প্রায় ১০০০ অতিথিকে নিমন্ত্রণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে নির্দিষ্ট তারিখ (১৭ না ১৮ ফেব্রুয়ারি) সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখনো চূড়ান্ত তারিখ নির্ধারিত হয়নি। নির্দেশনা পাওয়ামাত্র আমরা কাজ শুরু করব।

এর আগে সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের শপথ আগামী ১৬-১৭ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ সচিবের মতে, সংসদ সদস্যদের গেজেট প্রকাশিত হয়েছে। আইন অনুযায়ী গেজেট প্রকাশের পর ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারির মধ্যে সংসদ সদস্যরা শপথ নেবেন। এরপর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানাবেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশন অনুমোদনের পর ২৯৭ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করে ইসি। উচ্চ আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফল স্থগিত থাকায় ওই দুটি আসনের গেজেট পরে জারি করা হবে।

ইসির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। দলটির শরিকরা পেয়েছে ৩টি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী ৬৮টি এবং তাদের জোটসঙ্গীরা পেয়েছে ৯টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা ৭টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি আসনে জয়ী হয়েছে।

একইসঙ্গে অনুষ্ঠিত হওয়া সংবিধান সংস্কারের ওপর জাতীয় গণভোটের ফলাফলও গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

নতুন মন্ত্রিসভার সদস্য সংখ্যা কত হবে, সে বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, এটি সম্পূর্ণভাবে হবু প্রধানমন্ত্রীর এখতিয়ার। তিনি কতজনকে নিয়ে যাত্রা শুরু করতে চান, তার ওপরই নির্ভর করবে মন্ত্রিসভার আকার।

‘জাতীয়’ : আরও খবর

» আইনি ভিত্তি পেলে ভোট পুনর্গণনার আবেদন করবো: গোলাম পরওয়ার

» ৬৮.০৫ শতাংশ গণভোটে ‘হ্যাঁ, আসবে কী কী বদল

» গোপালগঞ্জে ‘না’ ভোট জয়ী

» ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক শক্তিশালী হবে’

সম্প্রতি