image

মন্ত্রিপরিষদ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব

সংবাদ অনলাইন রিপোর্ট

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া নানা গুঞ্জন ও আলোচনার অবসান ঘটিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি পরিষ্কার করেন।

প্রেস সচিব শফিকুল আলম জানান, শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল নিয়ে বিভিন্ন মাধ্যমে অপতথ্য ও অনুমাননির্ভর বক্তব্য প্রচারিত হচ্ছে। প্রকৃতপক্ষে, তিনি ব্যক্তিগত কারণে নির্বাচনের বেশ কিছু দিন আগেই প্রধান উপদেষ্টার কাছে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন জানিয়েছিলেন।

তিনি আরও উল্লেখ করেন: জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে থাকায় মাঠ প্রশাসনের শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে প্রধান উপদেষ্টা তাঁকে অনুরোধ করেছিলেন। প্রধান উপদেষ্টার সেই অনুরোধে সাড়া দিয়ে তিনি নির্বাচনকাল পর্যন্ত দায়িত্ব পালনে সম্মত হন।

শফিকুল আলম অহেতুক অনুমাননির্ভর তথ্য বা বিভ্রান্তিকর বক্তব্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে শেখ আব্দুর রশীদের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। একইসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়াকে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন শাসনামলে গুরুত্বপূর্ণ এই প্রশাসনিক পদে দায়িত্ব পালন করছিলেন ড. শেখ আব্দুর রশীদ। তাঁর এই বিদায় নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছিল, যা প্রেস সচিবের এই বার্তার মাধ্যমে স্পষ্ট হলো।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি