নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে শুধুমাত্র সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সদস্য দেশগুলোর প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে দাওয়াতপত্র পাঠানো হয়েছে।
শপথ অনুষ্ঠানের স্থান পরিবর্তনের বিষয়ে উপদেষ্টা জানান, নির্বাচিত রাজনৈতিক দলগুলোর বিশেষ অনুরোধ ও চাহিদাকে সম্মান জানিয়ে এবারের শপথ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি একটি ব্যতিক্রমী আয়োজন হতে যাচ্ছে।
উপদেষ্টাদের দায়িত্বের মেয়াদ নিয়ে তিনি স্পষ্ট করেন, নতুন সরকার গঠন ও শপথ গ্রহণ না করা পর্যন্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা নিজ নিজ দায়িত্ব পালন করে যাবেন। তবে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে উপদেষ্টারা উপস্থিত থাকবেন না; তারা কেবল নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন।
নবনির্বাচিত মন্ত্রীদের আগাম শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, দেশ পরিচালনার ক্ষেত্রে তারা যদি কোনো ধরনের সহযোগিতা চান, তবে অন্তর্বর্তী সরকার সবসময় প্রস্তুত রয়েছে।
একটি অত্যন্ত দুর্যোগপূর্ণ ও চ্যালেঞ্জিং সময়ে দায়িত্ব নিয়ে এই সরকার কাজ করেছে বলে তিনি মন্তব্য করেন।
এদিন অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সদ্য সমাপ্ত নির্বাচন নিয়ে বিদেশি রাষ্ট্র এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
এ ছাড়া নির্বাচনের পরবর্তী সময়ে এক নারীর সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ও অন্যায়ের ঘটনায় সরকারের অবস্থানের কথা উল্লেখ করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে সরাসরি কথা বলা হয়েছে এবং সর্বোচ্চ ন্যায়বিচারের আশ্বাস দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সংস্কার কার্যক্রম নিয়ে ছড়ানো বিভ্রান্তি প্রসঙ্গে তিনি বলেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সংস্কার কাজ অনেকের পছন্দ না হওয়ায় একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে সরকার সংস্কার প্রক্রিয়ায় অবিচল রয়েছে বলে তিনি জানান।
আন্তর্জাতিক: নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৩২
আন্তর্জাতিক: অভিবাসন আইন কঠোর করছে ইতালি
অর্থ-বাণিজ্য: সুগন্ধি চাল রপ্তানি সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়লো
অর্থ-বাণিজ্য: তারেক রহমানকে বিজিএমইএ’র অভিনন্দন