image
ছবিঃ সংগৃহীত

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়

সংবাদ অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান করছেন। তিনি ভবনটি ছেড়ে দেয়ার পরে এটি সংস্কার করে প্রধানমন্ত্রীর বসবাসের উপযোগী হিসেবে প্রস্তুত করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই সংস্কারকাজ সম্পন্ন করতে এক থেকে দুই মাস সময় লাগতে পারে।

গণভবনকে জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মঈনুল রোডের বাসভবন ভেঙ্গে ফেলার কারণে নতুন প্রধানমন্ত্রীর জন্য বাসভবন নির্ধারণের প্রয়োজনীয়তা দেখা দেয়। এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সময়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিলো।

ওই কমিটি শেরেবাংলা নগরের দুটি স্থান, সংসদ ভবন এলাকার স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এলাকা বিবেচনায় নিয়েছিল। কমিটি প্রতিরক্ষা মন্ত্রণালয় এলাকার চেয়ে স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে অধিক উপযোগী মনে করলেও, উপদেষ্টা পরিষদ এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে তা নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেয়। অবশেষে যমুনাকেই প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে বেছে নেয়া হয়।

প্রধানমন্ত্রীর বাসভবনের পাশাপাশি নতুন সরকারের মন্ত্রী ও ভিআইপিদের আবাসনের বিষয়টিও চূড়ান্ত করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় মন্ত্রীদের চাহিদা অনুযায়ী ৭১টি বাসা প্রস্তুত করার জন্য তালিকা চূড়ান্ত করেছে।

‘জাতীয়’ : আরও খবর

» বিএনপির ইচ্ছাতেই মন্ত্রিসভার শপথ সংসদের দক্ষিণ প্লাজায়

সম্প্রতি