ট্রাফিকের বিশেষ পরিকল্পনা
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে করতে এবং আমন্ত্রিত অতিথিদের চলাচল নির্বিঘ্ন রাখতে রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় বিশেষ পরিবর্তন এনেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
অনুষ্ঠান চলাকালীন যানজট ও সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে নির্দিষ্ট কিছু বিকল্প পথে চলাচলের জন্য নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, শপথ অনুষ্ঠান ঘিরে আগামীকাল সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশপাশের লেকরোড এলাকায় সাধারণ যানবাহন চলাচল সীমিত বা বন্ধ রাখা হবে। বিশেষ করে মানিক মিয়া অ্যাভিনিউ এবং সংসদ ভবন সংলগ্ন সড়কগুলোতে ট্রাফিক ডাইভারশন দেওয়া হয়েছে। এই সময়ে ওই পথ দিয়ে যাতায়াতকারী চালকদের বিকল্প হিসেবে ফার্মগেট এক্সিট র্যাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি বা হাতিরঝিল র্যাম্প ব্যবহার করে গন্তব্যে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশি-বিদেশি উচ্চপদস্থ অতিথিদের অংশগ্রহণ বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। যানজট নিরসন ও যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক রাখতে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা জারি করে বলা হয়েছে, আগামীকাল সারাদিন সংসদ ভবন এলাকা এড়িয়ে চলাচলের মাধ্যমে নগরবাসী যেন পুলিশকে সহযোগিতা করেন। পুলিশের এই ট্রাফিক পরিকল্পনা যথাযথভাবে মেনে চললে ভোগান্তি অনেকাংশে কমানো সম্ভব হবে বলে মনে করছে ডিএমপি।
১. মিরপুর রোড টু ফার্মগেট ভায়া মানিক মিয়া এভিনিউ
মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত ফার্মগেট/সোনারগাঁও অভিমুখী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট এর দিকে গমন করবে।
২. ধানমন্ডি হতে ফার্মগেট
ধানমন্ডি ২৭ হতে আগত যানবাহন আসাদগেট-প্রতিরক্ষা গ্যাপ দিয়ে ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিং এর দিকে গমনাগমন করবে।
৩. আসাদগেট হতে ফার্মগেট ক্রসিং
আসাদগেট-বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং (জুলাই স্মৃতি জাদুঘর)-প্রতিরক্ষা গ্যাপ-ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র -উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিং এর দিকে গমন করবে।
৪. এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ ইন্দিরা রোড হতে ধানমন্ডি
এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড হতে আগত যানবাহন খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র বামে মোড় নিয়ে প্রতিরক্ষা গ্যাপ-বামে মোড় নিয়ে আসাদগেট হয়ে ধানমন্ডির দিকে গমন করবে।
৫. মিরপুর রোড হতে ধানমন্ডি
মানিক মিয়া এভিনিউ হতে ব্লকেড সরিয়ে ফেলা হবে বিধায় মিরপুর রোড হতে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন (জুলাই স্মৃতি জাদুঘর)-আসাদগেট হতে সোজা ধানমন্ডি ২৭ এর দিকে গমনাগমন করবে।
৬. এলিভেটেড এক্সপ্রেসওয়ে
শপথগ্রহণ অনুষ্ঠান চলাকালীন যানজট/দূর্ভোগ এড়াতে ফার্মগেট এক্সিট র্যাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প সচল থাকবে।