image

তারেক রহমানের নেতৃত্বে শপথ নিলেন বিএনপির নবনির্বাচিতরা

সংবাদ অনলাইন রিপোর্ট

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপির নবনির্বাচিতরা। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে জয়ীদের সংসদ সদস্য হিসেবে শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিজয়ী সংসদ সদস্য পদে নির্বাচিতদের শপথ পড়ানোর পর সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথও পড়াবেন সিইসি। তবে, নির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিচ্ছে না বিএনপি বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

এ বিষয়ে তিনি বলেন, “সংবিধান সংস্কার পরিষদের শপথের বিধান সংবিধানে নেই। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলছি, সামনের দিনেও চলবো।”

প্রসঙ্গত, গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে দেওয়া ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সই করা চিঠিতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পাঠ আগামী ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে পরিচালনা করবেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ জন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীর গেজেট পরদিন প্রকাশ করে নির্বাচন কমিশন। ইসি ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে ২১১টি আসনে জয় পায় বিএনপি জোট। আর বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পায় ৭৭টি আসন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে বিজয়ী হন।

সম্প্রতি