অবশেষে সংবিধান সংস্কার পরিষদ ও সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন জামায়াত ইসলামীর নবনির্বাচিতরা। এছাড়া এসময় স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিতরাও শপথ নিয়েছেন।
এর আগে, বিএনপির নবনির্বাচিতরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় জামায়াতে ইসলামীর সদস্যরা প্রথমে বেঁকে বসেন। পরবর্তীতে এদিন দুপুর ১২টা ২২ মিনিটে শপথ নেন দলটি।
এর আগে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির এমপিদের শপথের সময় উপস্থিত হতে না পারা ইশরাক হোসেনও দ্বিতীয় দফায় অন্যদের সঙ্গে শপথ নেন।
এদিকে, আজ বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দফতর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি বসতে পারে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন।