image
ফাইল ছবি

মন্ত্রী হওয়ার ডাক পেলেন ২৫ জন

সংবাদ অনলাইন রিপোর্ট

সাধারণত বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হয়ে থাকে। তবে এবার এর ব্যতিক্রম হতে যাচ্ছে। প্রথমবারের মতো মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।

নতুন মন্ত্রিসভার আকার হতে পারে ৫০। নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে আনা–নেওয়ার জন্য ৪৯টি গাড়ি পাঠাচ্ছে মন্ত্রী পরিষদ বিভাগ। এর মধ্যে ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী হতে পারেন বলে জানা গেছে। সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। যারা যারা মন্ত্রী–প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন, তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে।

ফোন পেলেন এহছানুল হক মিলন

মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ চাঁদপুর–১ আসনের সংসদ সদস্য এহছানুল হক মিলন মন্ত্রিসভায় ডাক পেয়েছেন। মিলন ২০০১ সালে খালেদা জিয়ার সরকারে শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। এই আসন থেকে এবারও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ডাক পেলেন আরিফুল হক চৌধুরী

আরিফুল হক চৌধুরী মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। তিনি এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বলেন, ‘সবাইকে নিয়ে চলব। দল তৃণমূলের একজন কর্মীকে যেভাবে মূল্যায়ন করেছে, এর প্রতিদান কাজের মাধ্যমেই দিতে চাই। ’

ডাক পেলেন খন্দকার আবদুল মুক্তাদীর

নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে ঠাঁই পাওয়ার কথা জানিয়েছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদীর। তিনি বলেন, ‘সিলেটবাসী ও দেশবাসীর দোয়া চাইছি। দল যে আস্থা দেখিয়েছে, এর প্রতিদান যেন দিতে পারি’। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য কল করা হয়েছে। তিনি এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

ডাক পেলেন স্বপন, আলম, নুর, শরীফুল, কায়কোবাদ

বরিশাল–১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনও ফোন পেয়েছেন। বিএনপির এই নেতা মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে নির্বাচিত মীর শাহে আলম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। তিনি বগুড়া জেলা বিএনপির সহসভাপতি। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে নির্বাচিত নুরুল হক (নুর) প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন কিশোরগঞ্জ–৬ আসনের শরীফুল আলম। তিনি এবারই প্রথম নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। পঞ্চগড়–২ (বোদা ও দেবীগঞ্জ) আসনে বিএনপি থেকে নির্বাচিত ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী হচ্ছেন। তিনি দলটির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব।

কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ মন্ত্রী হচ্ছেন। তিনি এই আসন থেকে ছয়বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে ছয়বারই বিজয়ী হয়েছেন। হাজি আমিনুর রশীদ ইয়াছিন প্রতিমন্ত্রী হিসেব শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। তিনি টেকনোক্রেট প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, মন্ত্রী হিসেবে শপথ নিতে এখন পর্যন্ত ডাক পেয়েছেন ২৫ জন। তারা হলেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, আবু জাফর মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী।

এছাড়াও ডাক পেয়েছেন জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম রিতা, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম, শেখ রবিউল আলম, মোহাম্মদ আমিন উর রশীদ ও খলিলুর রহমান। তাদের মধ্যে মোহাম্মদ আমিন উর রশীদ ও খলিলুর রহমান টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ নেবেন।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি