image

নতুন সরকারের শপথে দেশি–বিদেশি ১২০০ অতিথি

সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন দেশি-বিদেশি ১২০০ অতিথি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু আজ ঢাকায় এসে পৌঁছেছেন। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

ভূটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ও ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা বিশেষ বিমানে ঢাকায় আসছেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভুটানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রসচিব ভারতের লোকসভার স্পিকারকে স্বাগত জানাবেন।

এর আগে সোমবার দুপুর থেকে ভোর পর্যন্ত ঢাকায় পৌঁছেছেন যুক্তরাজ্য, তুরস্ক, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা। শপথ অনুষ্ঠানে যুক্তরাজ্যের ভারত–প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা, তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচি, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন।

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে প্রধান উপদেস্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গেল শনিবার চীন, জাপান, ভারত, পাকিস্তানসহ ১৪ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। অন্য দেশগুলো হচ্ছে সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ ও ভূটান। তবে শপথ গ্রহণ অনুষ্ঠানে চীন, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া ও ব্রুনেইয়ের প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশে নিযুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতেরা।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ইতোমধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন নির্বাচনে বিজয়ীরা।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি