image

মন্ত্রিপরিষদে সুযোগ-সুবিধা

মন্ত্রীর বেতন ১ লাখ ৫ হাজার টাকা, প্রতিমন্ত্রীর ৯২ হাজার

সংবাদ অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর একাদশ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার সরকারে সঙ্গী হয়েছেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জন। মন্ত্রিপরিষদ সদস্যদের বেতন ও সুযোগ-সুবিধা নির্ধারণ করে ‘দ্য মিনিস্টার্স, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) অ্যাক্ট’।

এর আওতায় একজন পূর্ণমন্ত্রী প্রতিমাসে বেতন বাবদ পাবেন ১ লাখ ৫ হাজার টাকা।প্রতিমন্ত্রী পাবেন ৯২ হাজার টাকা বেতন। পাশাপাশি সরকারি বাড়ির সাজসজ্জার জন্য একজন মন্ত্রী প্রতি বছর পাঁচ লাখ টাকা ও প্রতিমন্ত্রী চার লাখ টাকা পাবেন। বিমান ভ্রমণের ক্ষেত্রে বছরে ১০ লাখ টাকা বীমাসুবিধা পাবেন তারা।

রাষ্ট্রীয় মর্যাদাক্রম অনুযায়ী, চিফ হুইপ ও সংসদের বিরোধীদলীয় নেতাও পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা ভোগ করবেন।আর হুইপরা ভোগ করবেন প্রতিমন্ত্রী পদমর্যাদা।

মন্ত্রীরা সরকারি ব্যয়ে সুসজ্জিত বাসভবন পাবেন, সেজন্য তাদের ভাড়া দিতে হবে না। প্রতিমন্ত্রীরাও এ সুবিধা পাবেন।তবে কোনো মন্ত্রী সরকারি বাড়িতে থাকতে না চাইলে বাসাভাড়া বাবদ মাসে ৮০ হাজার টাকা করে পাবেন ভাতা হিসেবে। প্রতিমন্ত্রী হলে পাবেন ৭০ হাজার টাকা।নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে থাকলে ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য তিন মাসের বাড়ি ভাড়ার সমপরিমাণ টাকা তারা প্রতিবছর পাবেন। বাসভবনে বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোনের জন্য যাবতীয় ব্যয় সরকার বহন করবে।

মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সরকারি খরচে গাড়ি পাবেন। প্রতিদিন ১৮ লিটার জ্বালানি তেলের দাম পাবেন গাড়ির জন্য।সরকারি প্রয়োজনে বা নির্বাচনি এলাকায় ভ্রমণের সময় জিপ পাবেন। দেশের ভেতরে ভ্রমণে দৈনিক ভাতা পাবেন দুই হাজার টাকা কর।মন্ত্রী বা প্রতিমন্ত্রী অসুস্থ হলে চিকিৎসার পুরো ব্যয়ভার বহন করবে সরকার। সেই খরচের কোনো সীমা আইনে বেঁধে দেওয়া হয়নি। তবে খরচের ভাউচার দিতে হবে মন্ত্রিপরিষদ বিভাগে।

দেশি-বিদেশি অতিথিদের আপ্যায়নের জন্য একজন মন্ত্রী মাসে ১০ হাজার টাকা করে আপ্যায়ন ভাতা পাবেন। আর প্রতিমন্ত্রী পাবেন সাড়ে ৭ হাজার টাকা। মন্ত্রীরা নিজেদের পছন্দমত উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব (পিএস) নিতে পারেন। এ ছাড়া একজন সহকারী একান্ত সচিব, দুজন ব্যক্তিগত কর্মকর্তা, দুজন অফিস সহায়ক, একজন পাচক, একজন জমাদার ও একজন আরদালি তারা পাবেন প্রতিমন্ত্রীরা একজন একান্ত সচিব, একজন ব্যক্তিগত সহকারী, একজন অফিস সহায়ক, একজন জমাদার ও একজন আরদালি পান।

নিজের নির্বাচনী এলাকার মসজিদ, মন্দির উন্নয়নসহ এলাকার মানুষের দাতব্য কাজে একজন মন্ত্রী বছরে ১০ লাখ টাকা পাবেন। আর প্রতিমন্ত্রী পাবেন সাড়ে ৭ লাখ টাকা।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি