জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে যাচ্ছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যরা। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে।
জানা গেছে, নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং পরিদর্শন বইয়ে সাক্ষর করবেন। এসময় তিন বাহিনীর পক্ষ আগতদের দেওয়া হবে গার্ড অফ অনার।
এদিকে, তাদের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন সমন্বিতভাবে। মহাসড়কে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া চলছে নিয়মিত। পুরো স্মৃতিসৌধ এলাকা আনা হয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়।
অন্যদিকে, সর্বসাধারণের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ।
প্রসঙ্গত, এর আগে গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তার শপথের পর প্রথমে নতুন সরকারের মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হলো।