দেশের বর্তমান ভিসা জটিলতা নিরসনে সরকার অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
প্রতিমন্ত্রী জানান, বিভিন্ন দেশের ভিসা প্রক্রিয়ায় যে সব প্রতিবন্ধকতা রয়েছে, তা কাটিয়ে উঠতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
শামা ওবায়েদ বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি হবে জনবান্ধব ও রাষ্ট্রীয় স্বার্থরক্ষাকারী। বাংলাদেশ এখন থেকে যে কোনো দেশের সঙ্গে আলোচনার ক্ষেত্রে মেরুদণ্ড সোজা রেখে কথা বলবে। জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট নিয়ে সরকার গঠিত হওয়ায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান ও মেরুদণ্ড এখন অনেক বেশি শক্তিশালী। সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনের দিকে এগিয়ে যাবে।
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অভিজ্ঞতা ও কর্মদক্ষতার প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, এখানে যারা কর্মরত আছেন তারা প্রত্যেকেই অত্যন্ত অভিজ্ঞ। তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই সরকারের লক্ষ্যসমূহ বাস্তবায়ন করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের উন্নয়ন ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে পররাষ্ট্র মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা পালন করবে।
সমন্বয় ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করে শামা ওবায়েদ আরও বলেন, সরকারের সব মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের বৈঠকগুলো মূলত বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের অংশ।
একটি সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দেশের বৈদেশিক সম্পর্ককে আরও গতিশীল এবং ফলপ্রসূ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আন্তর্জাতিক: সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার
বিজ্ঞান ও প্রযুক্তি: মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ