স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার জনগণের ট্যাক্সের টাকায় চলি, তাই জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা একটি নৈতিক দায়িত্ব।
তিনি স্মরণ করিয়ে দেন, একটি বিধ্বস্ত অর্থনীতি ও রাষ্ট্রব্যবস্থার মধ্য দিয়ে বর্তমান সরকার জনগণের স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, একটি সফল রাষ্ট্র বিনির্মাণের জন্য সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা অত্যন্ত জরুরি। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র এই তিনটি স্তর একে অপরের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সব ধরনের ভিন্নমত ও বিভেদ ভুলে একটি দল হিসেবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মূল লক্ষ্য হলো জনগণের হারানো আস্থা পুনরুদ্ধার করা। কার্যকর প্রতিষ্ঠানই একটি শক্তিশালী ও উন্নয়নমুখী রাষ্ট্রের ভিত্তি হিসেবে কাজ করে।
দেশের গ্রামীণ জনপদের বর্তমান অবস্থা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, গ্রামের মানুষ বর্তমানে কষ্টে রয়েছে এবং এটি একটি বাস্তব সামাজিক সত্য। তাদের এই কষ্ট লাঘব করা রাষ্ট্র ও সচেতন নাগরিক সমাজের দায়িত্ব। সরকার কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে পর্যায়ক্রমে গ্রামীণ মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে কাজ করে যাচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনমনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলে তিনি জানান।
সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, এই মন্ত্রণালয় সরাসরি সাধারণ মানুষের সেবা ও উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত। তাই সবার সহযোগিতার মাধ্যমে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন এবং গণতন্ত্রকে সমুন্নত রেখে জনগণের দ্বারে সেবা পৌঁছে দিতে হবে।
তিনি আরও বলেন, সরকারের ঘোষিত ৩১ দফা কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং এটি জনগণের সঙ্গে একটি সামাজিক চুক্তি। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করলেই এই অঙ্গীকারগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে।
একটি কল্যাণমুখী ও মানবিক রাষ্ট্র গঠনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সক্রিয় ভূমিকা পরিবর্তনের প্রধান চালিকাশক্তি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী বিভাগের সার্বিক কার্যক্রমের ওপর একটি উপস্থাপনা পেশ করেন। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক: সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার
বিজ্ঞান ও প্রযুক্তি: মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ