image

রাজনৈতিক বিবেচনায় নয়, স্বচ্ছ প্রক্রিয়ায় দেওয়া হবে ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণ মন্ত্রী

সংবাদ অনলাইন রিপোর্ট

সরকারি সুবিধা প্রাপ্তিতে স্বচ্ছতা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড বিতরণে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনো ধরনের রাজনৈতিক বিবেচনায় এই কার্ড দেওয়া হবে না।

একই সঙ্গে কার্ড বিতরণের পুরো প্রক্রিয়ায় কোনো মধ্যস্বত্বভোগী বা দালালের স্থান থাকবে না বলেও সতর্ক করেছেন তিনি।

বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ সব তথ্য জানান মন্ত্রী।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড দেওয়া হলেও বর্তমানের প্রচলিত অন্যান্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ভাতাগুলো আগের মতোই অব্যাহত থাকবে। অর্থাৎ নতুন এই সুবিধার কারণে কেউ পুরনো ভাতা থেকে বঞ্চিত হবেন না।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন ঈদুল ফিতরের আগেই পাইলট ভিত্তিতে এই ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু করার পরিকল্পনা করছে সরকার।

এ বিষয়ে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ জানান, কত দ্রুততম সময়ের মধ্যে এই কার্ড সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, তা নিয়ে কাজ চলছে।

আগামী দুই-এক দিনের মধ্যে সুবিধাভোগীর সংখ্যা এবং বিতরণ পদ্ধতি চূড়ান্ত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রাথমিক পর্যায়ে দেশের হতদরিদ্র জনগোষ্ঠীকে এই কার্ডের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জহির উদ্দিন স্বপন সংবাদমাধ্যমকে জানান, সুনির্দিষ্টভাবে কোন জেলায় কতজন এই সুবিধা পাবেন তা এখনো চূড়ান্ত না হলেও আগে থেকে করা একটি জরিপের ভিত্তিতে এলাকাগুলো নির্ধারণ করা আছে। এই কার্ডের মাধ্যমে মূলত ক্যাশ বা নগদ টাকা দেওয়া হবে, যেখানে বিশেষ অগ্রাধিকার পাবেন নারীরা।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি