image

একুশের চেতনায় নতুন বাংলাদেশের ডাক

মাতৃভাষার মর্যাদা রক্ষায় প্রধানমন্ত্রীর আহ্বান

সংবাদ অনলাইন রিপোর্ট

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রক্তস্নাত স্মৃতিকে সামনে রেখে নতুন দিনের শপথ নিলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বাণীতে তিনি দেশবাসীকে মহান শহীদ দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলা ভাষার মর্যাদা ও এর সঠিক প্রয়োগ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

৫২"র সেই উত্তাল ফাল্গুনে সালাম, বরকত, রফিক ও জব্বারদের রক্তদানকে বাঙালি জাতির আত্মপরিচয় ও সৃজনশীলতার মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে তিনি ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

​প্রধানমন্ত্রীর বাণীতে ফুটে উঠেছে ইতিহাসের সেই গভীর সংযোগ, যেখানে তিনি স্পষ্ট করেন যে ৫২"র ভাষা আন্দোলনের অবিনাশী চেতনাই মূলত পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলন ও মহান স্বাধীনতা সংগ্রামের অবিনাশী প্রেরণা জুগিয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা, মানবাধিকার সুনিশ্চিত করা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে একুশের আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক বলে তিনি মনে করেন।

তারেক রহমান তাঁর বার্তায় কেবল আবেগের বহিঃপ্রকাশই ঘটাননি, বরং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিতে বাংলা ভাষার বিস্তার, শুদ্ধ ব্যবহার ও গবেষণার গুরুত্বের ওপর বিশেষভাবে জোর দিয়েছেন।

​নতুন প্রজন্মের কাছে ভাষা শহীদদের আত্মত্যাগের মহিমা তুলে ধরার প্রয়োজনীয়তা ব্যক্ত করে প্রধানমন্ত্রী তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন, বর্তমান সরকার বাংলা ভাষা ও সংস্কৃতির বিশ্বজনীন বিকাশে বদ্ধপরিকর। অমর একুশের এই লগ্ন কেবল শোক পালনের নয়, বরং নতুন করে শপথ নেওয়ার সময় হিসেবে উল্লেখ করে তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতিটি কর্মসূচি সফল করতে দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি