image

বিএনপি নেতাকর্মীদের সা‌থে হট্টগোলে ফুল না দিয়েই শহীদ মিনার ত্যাগ রুমিন ফারহানার

সংবাদ অনলাইন রিপোর্ট

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে সদ্য নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা।

গতকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তিনি শহীদ মিনারে ফুল দিতে গেলে একদল যুবক সেখানে মিছিল নিয়ে আসেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ফুল না দিয়েই তিনি এলাকা ত্যাগ করেন।

রুমিন ফারহানার সমর্থকদের অভিযোগ, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে একদল কর্মী এসে তাকে শ্রদ্ধা জানাতে বাধা দেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর রাত সাড়ে ১২টার দিকে রুমিন ফারহানার সমর্থকেরা সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

পরে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সাংবাদিকদের কাছে রুমিন ফারহানা অভিযোগ করেন, “পরিকল্পিতভাবে হামলার চেষ্টা হয়েছে। পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্য এই হামলার চেষ্টা। তবে বিএনপি যদি এখনই মাঠ পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করে, এর পরিণাম ভয়াবহ হবে।”

তিনি আরও বলেন, “ন্যাক্কারজনক ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া বলেন, “এই ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হবে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

তিনি জানান, উত্তেজনা ছড়িয়ে পড়ায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি