image

ঈদুল ফিতরের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দিচ্ছে সরকার

সংবাদ অনলাইন রিপোর্ট

আসন্ন ঈদুল ফিতরের আগেই দেশের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ সম্মানী ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। প্রাথমিকভাবে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় এই কার্যক্রম শুরু করা হলেও পর্যায়ক্রমে তা সারাদেশে বিস্তৃত করা হবে।

শনিবার দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলমকে সঙ্গে নিয়ে তিনি সংবাদ কর্মীদের জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবসহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানী দেওয়ার যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছিলো, ক্ষমতায় আসার পর সরকার তা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নে কাজ করছে।

ভাতার পরিমাণ কত হবে এমন প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, সম্মানীর টাকার অংক এখনো চূড়ান্ত করা হয়নি। সরকারের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই বিষয়ে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে আসন্ন ঈদের আগেই যেন ইমাম-মুয়াজ্জিনরা এই সুবিধা পান, সরকার সেই লক্ষ্যে কাজ করছে।

এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী হিসেবে আজ তারেক রহমানের তৃতীয় কর্মদিবস ছিল। তিনি এ দিন প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী নির্দেশনা দেন।

প্রেস সচিব আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রবেশের আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং দীর্ঘদিনের অভিজ্ঞ কর্মীদের খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রীরা সরকারের বিভিন্ন পলিসি ও কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

ব্রিফিংয়ের সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারের এই উদ্যোগকে আলেম সমাজের দীর্ঘদিনের দাবির প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি