image

ইনকিলাব ও আজাদি বাংলার সঙ্গে সম্পর্কহীন শব্দ: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলা ভাষাকে যদি সত্যিকার অর্থে ধারণ করতে হয় এবং একে যদি মাতৃভাষা হিসেবে সম্মান জানাতে হয়, তবে “ইনকিলাব জিন্দাবাদ” স্লোগান চলবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেন, ইনকিলাব জিন্দাবাদ কিংবা ইনকিলাব মঞ্চ এ সবের সঙ্গে বাংলা ভাষার কোনো সম্পর্ক নেই। যারা এক সময় আমাদের কাছ থেকে মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিলো, এ সব মূলত তাদেরই ভাষা।

শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বক্তব্যে মাতৃভাষার ইতিহাসের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, আমরা নিজের দেশের ভাষা ও ইতিহাস নিয়ে যথেষ্ট যত্নবান নই। অথচ যে জাতি নিজের সঠিক ইতিহাস জানে না, তারা কখনোই উন্নতি করতে পারে না। ভাষার সঠিক ইতিহাস ও চর্চার অভাবের কারণেই আমাদের বর্তমান প্রজন্মের মাঝে দেশপ্রেম বা ন্যাশনালিজম সেভাবে গড়ে উঠছে না।

তিনি আরও বলেন, আজকের তরুণ প্রজন্ম বা “জেন-জি” যখন ইনকিলাব শব্দ ব্যবহার করে, তখন হৃদয়ে রক্তক্ষরণ হয়। এই শব্দগুলো বন্ধ করার জন্যই একদিন মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। সমাজ পরিবর্তনের স্বপ্ন নিয়ে জীবন বাজি রেখে লড়াই করেছি, কিন্তু এখন দেখছি সমাজ উল্টো পথে হাঁটছে। বর্তমানে ইনকিলাব বা আজাদির মতো যে সব নতুন নতুন শব্দ শোনা যাচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক।

নিজের বক্তব্যের প্রেক্ষাপট তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, এ সব কথা বললে অনেকেই আমাকে ভারতের দালাল কিংবা “র” এর এজেন্ট বলে আখ্যায়িত করতে পারেন। তবুও আমি সত্য বলব, কারণ এই সত্য প্রতিষ্ঠার জন্যই আমি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। এই স্বাধীন ভূখণ্ড সৃষ্টি হয়েছে বলেই আজ আমি মন্ত্রী হতে পেরেছি। তাই দেশকে ভালোবেসে সবাইকে নিজের সত্তাকে পরিশুদ্ধ করার আহ্বান জানান তিনি।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলালসহ প্রমূখ।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি