image

সংসদ বসছে ১০-১২ মার্চ, কে হচ্ছেন স্পিকার

সংবাদ অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ বসতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শীর্ষস্থানীয় একটি নিউজপোর্টালকে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী ১২ মার্চ অথবা এর দুই-তিনদিন আগে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে। পাশাপাশি শোক প্রস্তাবও আনা হতে পারে।’

ইতোমধ্যে সংসদ নেতা নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাকে প্রধানমন্ত্রী করে নতুন সরকার কাজ শুরু করেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এখনো স্পিকার, সংসদ উপনেতা ও চিফ হুইপ নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

সংবিধান অনুযায়ী, নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পরদিনই গেজেট প্রকাশিত হয়েছে। ফলে ১৪ মার্চের মধ্যেই সংসদ অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

নতুন সংসদ সদস্যরা ইতোমধ্যে শপথ নিয়েছেন। আর বিরোধী দলীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।উপনেতা হয়েছেন সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।বিরোধী দলীয় চিফ হুইপ হয়েছেন মো. নাহিদ ইসলাম।

এবারের সংসদ অধিবেশনকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা স্পিকার নির্বাচন ঘিরে। গণঅভ্যুত্থানের পর গৃহীত জুলাই সনদ অনুযায়ী, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হওয়ার কথা। বিএনপির নির্বাচনি ইশতেহারেও রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি থাকায় বিষয়টি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

অন্যদিকে, সংসদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন তা নিয়েও আলোচনা রয়েছে।গেল বছরের সেপ্টেম্বরে আগের সংসদের স্পিকার পদত্যাগ করেছেন।ডেপুটি স্পিকা হয়েছেন গ্রেপ্তার। যাদের অনুপস্থিতিতে সংসদ সদস্যদের শপথ পড়িয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

সংবিধান অনুযায়ী প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। তবে সংসদে স্পিকার না থাকলে প্রথা অনুযায়ী জ্যেষ্ঠ কোনো সদস্য অস্থায়ীভাবে সভাপতিত্ব করতে পারেন। ১৯৭৩ সালের প্রথম সংসদেও এমন নজির রয়েছে।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। আদালতের নির্দেশে চট্টগ্রামের দুটি আসনের ফল ঘোষণা হয়নি।শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে।

ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টি ও তাদের মিত্ররা তিনটি আসনে জয়ী হয়েছে। জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। তাদের নেতৃত্বাধীন জোটের শরিকরা আরও কয়েকটি আসনে জয়ী হয়েছে। সব মিলিয়ে প্রথম অধিবেশন ঘিরে সবার নজর এখন, কে হচ্ছেন স্পিকার?

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি