নবগঠিত সরকারের রাষ্ট্রীয় কার্যক্রমের ব্যস্ততার মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।
রোববার বেলা ১১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সৌদি আরবের রাষ্ট্রদূতের সাথে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে পৌঁছালে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। এরপর রাষ্ট্রদূতের সাথে দীর্ঘ বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের স্বার্থ রক্ষা, জনশক্তি রপ্তানি বৃদ্ধি এবং বাংলাদেশে সৌদি বিনিয়োগের নতুন ক্ষেত্রগুলো নিয়ে গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন।
রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি তাঁর দেশের পক্ষ থেকে শুভকামনা জানান এবং উন্নয়ন সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এই সাক্ষাতের মধ্য দিয়ে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং আগামী দিনে জ্বালানি ও অবকাঠামো উন্নয়নে যৌথ প্রকল্পের পথ প্রশস্ত হবে বলে আশা করা হচ্ছে।
আন্তর্জাতিক: আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা