হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল বা থার্ড টার্মিনাল দ্রুত সময়ের মধ্যে যাত্রী সাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। দেশের প্রধান এই বিমানবন্দরের সেবার মান বৃদ্ধি এবং যাত্রীদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতেই প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, থার্ড টার্মিনালের আধুনিক সব সুযোগ-সুবিধা যেন কোনোভাবেই অবহেলায় পড়ে না থাকে, সেদিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে।
মন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর এখন টার্মিনালটি পুরোপুরি কার্যকর করতে সব ধরণের প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়া আরও জোরদার করা হবে। বিমানবন্দরের বর্তমান চাপ কমিয়ে আনতে এবং আন্তর্জাতিক মানের সেবা প্রদান নিশ্চিত করতে এই টার্মিনালটি দ্রুত চালু করা এখন সরকারের অগ্রাধিকার।
সংশ্লিষ্টদের মতে, থার্ড টার্মিনালটি পুরোদমে চালু হলে শাহজালাল বিমানবন্দরের চিত্র বদলে যাবে। একদিকে যেমন ক্রমবর্ধমান যাত্রীর চাপ সামাল দেওয়া সম্ভব হবে, অন্যদিকে ট্রাফিক জট ও দীর্ঘ অপেক্ষার ভোগান্তি থেকে মুক্তি পাবেন বিদেশগামী ও প্রবাসীরা। এই লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশের পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো এখন প্রয়োজনীয় চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করছে।