হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল আলোচিত থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (২২ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগে উচ্চপর্যায়ের বৈঠকে যাত্রী সেবার মান উন্নয়ন ও পরিচালনায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকারপ্রধান এ নির্দেশ দেন।
থার্ড টার্মিনালের কার্যক্রম পর্যালোচনায় আয়োজিত সভায় অংশ নেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকী।
এছাড়াও অংশ নেন বিনিয়োগ কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরিন জাহান। বৈঠক শেষে মন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের জানান, টার্মিনালটির কার্যক্রম দ্রুত শুরুর লক্ষ্যে তারা পর্যালোচনা করছেন।এটি দ্রুত চালুর বিষয়ে বিশেষ উদ্যোগ নিতে বলেছেন প্রধানমন্ত্রী।যদিও সভাটিকে ‘রুদ্ধদ্বার বৈঠক’ উল্লেখ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকার ২১ হাজার ৩৯৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০১৭ সালে তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রকল্প হাতে নিয়েছিল। ২০১৯ সালের ২৮ ডিসেম্বর শুরু হয়েছিল এর নির্মাণকাজ। প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকার দিয়েছে ৫ হাজার কোটি টাকা। বাকি অর্থ জাপানি সংস্থা জাইকার ঋণ।
টার্মিনালের আংশিক উদ্বোধন করা হয় ২০২৩ সালের ৭ অক্টোবর। ২০২৪ সালের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালুর কথা থাকলেও আজও হয়নি। অন্তর্বর্তী সরকারের চেষ্টা থাকলেও গ্রাউন্ড হ্যান্ডলিং ও পরিচালনা সংক্রান্ত সিদ্ধান্তহীনতা ও টার্মিনাল ভবনের ভেতরের কিছু প্রযুক্তিগত ত্রুটির কার চালু করা যায়নি বলে দাবি বেবিচক কর্মকর্তাদের। তাদের মতে, গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তৃতীয় টার্মিনাল চালু নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে।