বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় বেশ কয়েকটি পদে বড় ধরনের রদবদল করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে রোববার দুপুরে এক আদেশের মাধ্যমে এই পরিবর্তনের কথা জানানো হয়।
নতুন এই রদবদলে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। এই দায়িত্ব পাওয়ার আগে তিনি আর্টডকের জিওসি হিসেবে দায়িত্বরত ছিলেন।
এ ছাড়া সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত করা হয়েছে।
একই আদেশে সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। তিনি এর আগে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে কর্মরত ছিলেন।
পাশাপাশি মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে সরিয়ে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে এবং সেখানে দায়িত্বরত মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে দায়িত্বরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিযুক্ত করা হয়েছে।
সেনাবাহিনীর পেশাদারিত্ব ও কার্যক্রমে গতিশীলতা আনতে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে বলে জানা গেছে।