image

সকালেই সচিবালয়ে প্রধানমন্ত্রী, খোঁজ নিলেন মন্ত্রীরা এসেছেন কিনা

সংবাদ অনলাইন রিপোর্ট

রোজার সময়সূচি অনুযায়ী সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকাল ৯টা ৫ মিনিটে তিনি অফিসে আসেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিসে এসে মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টারা কারা কারা অফিসে এসেছেন তার খোঁজ-খবর নিয়েছেন। প্রধানমন্ত্রী মৌখিক নির্দেশনা দিয়েছেন যাতে নির্দিষ্ট সময়ে সবাই অফিসে উপস্থিত হন।’

প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানের বাসা থেকে রওনা হয়ে সকাল ৯টা ৫মিনিটে সচিবালয়ে পৌঁছান বলে জানান তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। খবর বাসসের। রুমন বলেন, ‘অফিসে এতো সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকে অভিভূত হয়েছেন।’

তিনি বলেন, ‘একজন সাংবাদিক সকাল ৯টা ২০ মিনিটে তার ফেইসবুকে স্ট্যাটাসে বলেন, ‘প্রধানমন্ত্রীর অফিসে আসার ছবি তোলার জন্য অপেক্ষা করছি।’ কিন্তু প্রধানমন্ত্রী যে ১৫ মিনিট আগেই সচিবালয়ে প্রবেশ করেছেন, সেটা উনি (ওই সাংবাদিক) জানেন না।’

গত মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এর পরদিন প্রধানমন্ত্রী সচিবালয়ে তার দপ্তরে দুইদিন অফিস করেন। ছুটির দিন গত শনিবার তিনি তেজগাঁও কার্যালয়ে অফিস করেছেন।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি