দেশের নাগরিকদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার সুযোগ আরও সম্প্রসারিত করলো নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬-১৭ বছর বয়সী বাংলাদেশি নাগরিকরাও জাতীয় পরিচয় নিবন্ধনের আওতায় আসতে পারবেন।
রোববার,(২২ ফেব্রুয়ারী ২০২৬) নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।
পরিপত্রে বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত)-এর ধারা ৫-এর আলোকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন থেকে আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচন কমিশন অনুমতি প্রদান করেছে। এর ফলে ১৬ বছর বয়সীরা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সারাদেশের স্থানীয় নির্বাচনী অফিসগুলোতে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।
এর আগে সাধারণত ভোটার হওয়ার যোগ্য হলে, অর্থাৎ ১৮ বছর বয়স পূর্ণ হলেই কেবল নাগরিকরা এনআইডির জন্য আবেদন করতে পারতেন।
তবে বর্তমানে নাগরিক সুবিধা প্রাপ্তি এবং শিক্ষার্থীদের বিভিন্ন কাজে এনআইডির প্রয়োজনীয়তা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় ইসি এই বয়সসীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে, ১৬/১৭ বছর বয়সে নিবন্ধিত হলেও তারা ভোটার হিসেবে গণ্য হবেন কেবল ১৮ বছর পূর্ণ হওয়ার পরই।
ইসি জানিয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের এই আদেশের বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট সব আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
একই সঙ্গে অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।
অপরাধ ও দুর্নীতি: চা দোকানি আমির হত্যায় ৫ আসামির যাবজ্জীবন
নগর-মহানগর: চাঁদাবাজ ধরে সড়কে ঘুরিয়ে মাইকিং করলো পুলিশ
সংস্কৃতি: সংশয় যেন কাটছেই না: আবারও নতুন তারিখ