image

৪৫তম বিসিএস: মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্তদের সনদ জমার নির্দেশ

সংবাদ অনলাইন রিপোর্ট

৪৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের জন্য মুক্তিযোদ্ধা কোটায় সাময়িকভাবে সুপারিশ প্রার্থীদের মুক্তিযোদ্ধা সনদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর ফলাফলে যারা মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করে সাময়িকভাবে (প্রোভিশনালি) সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তাদের সনদ যাচাই করা হবে। এ জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের নির্ধারিত ছক পূরণ করে প্রয়োজনীয় রেকর্ডপত্রসহ আগামী ২ মার্চের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখায় পৌঁছাতে হবে। প্রার্থীরা সরাসরি অথবা ডাকযোগে এই কাগজপত্র জমা দিতে পারবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ২৭ নভেম্বর ৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৮০৭ জন প্রার্থীকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন। এখন এই নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করার জন্য কোটাধারী প্রার্থীদের তথ্যের সত্যতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে সরকার।

নির্ধারিত সময়ের মধ্যে সনদ জমা দিতে ব্যর্থ হলে বা তথ্যে কোনো গরমিল পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে বলে বিজ্ঞপ্তিতে ইঙ্গিত দেওয়া হয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি