নির্বাচন কমিশনের (ইসি) মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পরপরই সারা দেশের ১১২ জন উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করেছে কমিশন।
সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়সহ দেশের বিভিন্ন উপজেলা ও থানায় কর্মরত ১১২ জন কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে ইসি।
বদলি হওয়া কর্মকর্তাদের জন্য কঠোর সময়সীমা বেঁধে দিয়ে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে মুক্ত হতে হবে। যদি কোনো কর্মকর্তা নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করেন, তবে ১ মার্চ তিনি বর্তমান কর্মস্থল থেকে সরাসরি মুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।
ইসি সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে এটিই কমিশনের পক্ষ থেকে নেওয়া সবচেয়ে বড় বদলির প্রক্রিয়া। সামনে উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ বড় পরিসরে স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাবনা রয়েছে। মূলত সেই নির্বাচনগুলোর প্রস্তুতি এবং প্রশাসনিক গতিশীলতা আনতেই মাঠ পর্যায়ের এই ব্যাপক রদবদল করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে একই দিনে ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সাক্ষাৎ করেন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও ইসির পাশে থাকার প্রতিশ্রুতি দেন।