নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য মো. আলী হোসেন ফকিরকে আওয়ামী লীগ শাসনামলে রাজনৈতিক কারণে একবার চাকরিচ্যুত করা হয়। বিএনপি আমলে সেই চাকরি ফিরে পান। এরপর আওয়ামী লীগ আমলে আবারও তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন। এরপর সুপার নিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি পান।
আলী হোসেন ফকির ১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট জেলার সদরে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বিকম অনার্স, এমকম ও এমবিএ ডিগ্রি লাভ করেন। ১৯৯৫ সালে ১৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে পুলিশে সহকারি পুলিশ সুপার পদে যোগদান করেন।
কর্মজীবনে অত্যন্ত সুনামের সঙ্গে ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, ডিআইজি এসপিবিএন হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও উপ-পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা, পুলিশ সুপার নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলাসহ কমান্ড্যান্ট আরআরএফ সিলেট ও অধিনায়ক হিসেবে ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা, ৭ এপিবিএন সিলেটে দায়িত্ব পালন করেন।
অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি কসোভো ও আইভরি কোস্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণ ও সরকারি কাজে যুক্তরাষ্ট্র, চীনসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেন। বর্তমানে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি, ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, ১৫তম বিসিএস পুলিশ ফোরামের আহ্বায়ক, খুলনা ক্লাব ও ঢাকা অফিসার্স ক্লাবের সদস্য।
এছাড়াও এপিবিএন স্কুল এন্ড কলেজ, ঢাকার সভাপতি, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সভাপতি ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। তার স্ত্রী প্রফেসর নাসিমা ফেরদৌসী সরকারি তিতুমীর কলেজে ফিন্যান্স ডিপার্টমেন্টে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। পারিবারিক জীবনে এক ছেলে ও এক মেয়ের জনক। ছেলে কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ও মেয়ে বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছেন।