image

প্রথমে মিলবে ১৪ উপজেলায়

ফ্যামিলি কার্ডধারী পরিবার পাবে ২৫০০ টাকা, শুরু হচ্ছে ১০ মার্চ

সংবাদ অনলাইন রিপোর্ট

আগামী ১০ মার্চ থেকে দেশব্যাপী পরীক্ষামূলকভাবে “ফ্যামিলি কার্ড” বিতরণ কার্যক্রমের উদ্বোধন করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী এই কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন।

সমাজকল্যাণমন্ত্রী জানান, এই প্রকল্পের প্রাথমিক পর্যায়ে দেশের ১৪টি উপজেলাকে নির্বাচন করা হয়েছে। এ সব উপজেলার প্রতিটি থেকে একটি করে ইউনিয়নের একটি নির্দিষ্ট ওয়ার্ডের সকল পরিবারকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। কার্ডধারী প্রতিটি পরিবারকে সরকারি সহায়তা হিসেবে ২৫০০ টাকা করে প্রদান করা হবে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত প্রান্তিক পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং ডিজিটাল পদ্ধতিতে সরাসরি সাধারণ মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য। পরীক্ষামূলক এই কার্যক্রম সফল হলে পরবর্তীতে পর্যায়ক্রমে সারা দেশে এই ফ্যামিলি কার্ড সেবা বিস্তৃত করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে জানিয়ে আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, এই কার্ডের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর স্বচ্ছতা আরও নিশ্চিত হবে। নির্দিষ্ট ওয়ার্ডের প্রতিটি পরিবার যাতে কোনো বৈষম্য ছাড়াই এই সুবিধার আওতায় আসতে পারে, সে বিষয়ে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি