image

৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট, তফসিল ঘোষণা ইসির

সংবাদ অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। মঙ্গলবার,(২৪ ফেব্রুয়ারী ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আসন দুটিতে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় আগামী ২ মার্চ। দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই করা হবে ৫ মার্চ।

মনোনয়নসংক্রান্ত বিষয়ে আপিল করা যাবে ৬-১০ মার্চ পর্যন্ত এবং এসব আপিল নিষ্পত্তি করা হবে ১১ মার্চ।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১৪ মার্চ এবং প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৫ মার্চ। আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এছাড়া নির্বাচনগুলোতে পোস্টাল ব্যালটের মাধ্যমেও ভোটের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ইসি সচিব।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ এই দুটি আসনে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে ১৬ ফেব্রুয়ারি তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা জানিয়ে নির্বাচন কমিশনে ঘোষণাপত্র জমা দেন।

ফলে ওই দিন থেকেই তার ছেড়ে দেয়া বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং সেখানে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

গত ৩ ফেব্রুয়ারি রাতে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল কিডনিজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তফসিল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ওই আসনের ভোট বাতিল ও স্থগিত করা হয়েছিল। নির্বাচন কমিশন জানিয়েছে, এখন নতুন করে তফসিল ঘোষণা করা হলেও আগে যারা বৈধ প্রার্থী ছিলেন তাদের নতুন করে আর মনোনয়নপত্র দাখিল করতে হবে না।

গত ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের দিন দেশব্যাপী একটি গণভোটও অনুষ্ঠিত হয়েছিল। সেই গণভোটে ইতোমধ্যে ‘হ্যাঁ’ ভোটের জয় হয়েছে।

এই কারণে শেরপুর-৩ আসনে নতুন করে আর কোনো গণভোটের প্রয়োজন হচ্ছে না এবং সেখানে গণভোট অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

সম্প্রতি