image

আরও ১২০২টি মামলা প্রত্যাহার

সংবাদ অনলাইন রিপোর্ট

বিগত শেখ হাসিনার সরকারের সময় হওয়া ‘রাজনৈতিক’ মামলা প্রত্যাহার শুরুর পর দ্বিতীয় দফায় ১ হাজার ২০২টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর এ নিয়ে মোট ২ হাজার ৮টি মামলা প্রত্যাহার করা হলো।

স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে মঙ্গলবার,(২৪ ফেব্রুয়ারী ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের ১৭ বছর যাবৎ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেয়া হয়েছে।’ এর আগে গত ২২ ফেব্রুয়ারি একইরকম আরেক বার্তায় ‘রাজনৈতিক হয়রানিমূলক’ ১ হাজার ৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেয়ার কথা জানানো হয়েছিল। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ওই সরকারের সময়কার ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশের বিষয়টি গত ৮ ফেব্রুয়ারি জানায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। এসব মামলার বেশিরভাগই হয়েছে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর বিরুদ্ধে। মন্ত্রণালয় বলেছে, এর ফলে প্রায় পাঁচ লাখ মানুষ আওয়ামী সরকারের ‘হয়রানিমূলক’ মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন। মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে দায়ের হওয়া এসব মামলা প্রত্যাহারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার গত বছরের ২২ সেপ্টেম্বর দুটি কমিটি করে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি