আসন্ন পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে এ বছরের সাদাকাতুল ফিতরের (ফিতরা) হার নির্ধারণ করা হয়েছে। এবার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। গত বছরও অর্থাৎ ২০২৫ সালেও ফিতরার এই একই হার কার্যকর ছিলো।
বুধবার রাজধানীর বায়তুল মোকাররমে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির এক সভায় ১৪৪৭ হিজরি সনের জন্য এই হার চূড়ান্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক।
বৈঠক শেষে কমিটির পক্ষ থেকে জানানো হয়, দেশের বিশিষ্ট আলেম-ওলামা ও কমিটির সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আটা, খেজুর, কিসমিস, পনির ও যব, এই পাঁচটি পণ্যের বাজারমূল্যের ওপর ভিত্তি করে প্রতি বছর ফিতরার হার নির্ধারণ করা হয়। দেশের সামর্থ্যবান মুসলমানরা তাদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই তালিকা থেকে যে কোনো একটি পণ্যের সমপরিমাণ অর্থ বা পণ্য ফিতরা হিসেবে আদায় করতে পারবেন।
ফিতরা নির্ধারণের এই সভায় ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ফিতরা নির্ধারণ কমিটির সদস্য বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ইসলামি শরিয়ত অনুযায়ী ঈদের নামাজের আগেই সামর্থ্যবান ব্যক্তিদের জন্য ফিতরা আদায় করা ওয়াজিব।
আন্তর্জাতিক: ওয়াশিংটনে ছুরিকাঘাতে চারজন নিহত