ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সব প্রার্থীকে আগামী ১৫ মার্চের মধ্যে তাদের নির্বাচনি ব্যয়ের চূড়ান্ত হিসাব জমার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব এএসএম ইকবাল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে সব রিটার্নিং কর্মকর্তাকে এই নির্দেশনা পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যয়ের বিবরণী জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর ৪৪ (গ) অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচনি ফলাফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে সকল প্রার্থীকে তাদের নির্বাচনি ব্যয়ের রিটার্ন রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হয়। গত ১৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের নাম ও ঠিকানা সম্বলিত গেজেট প্রকাশিত হয়েছে। সেই অনুযায়ী আগামী ১৫ মার্চ প্রার্থীদের হিসাব জমা দেওয়ার ৩০ দিন পূর্ণ হবে।
রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রার্থীদের ব্যয় বিবরণী দাখিল নিশ্চিত করতে নির্বাচনি পরিপত্র-১৮ অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এ ছাড়া প্রার্থীরা যে হিসাব জমা দেবেন, তা সংগ্রহ করে আগামী ২৫ মার্চের মধ্যে নির্বাচন কমিশনে পাঠানোর জন্য রিটার্নিং অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে। গেজেট প্রকাশের পর থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে এই আইনি বাধ্যবাধকতা পূরণে প্রার্থীদের মধ্যে তৎপরতা শুরু হয়েছে।
উল্লেখ্য, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিলো। দেশের ২৯৯টি সংসদীয় আসনে সব মিলিয়ে ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নিয়ম অনুযায়ী, জয়ী কিংবা পরাজিত সব প্রার্থীকেই তাদের নির্বাচনি ব্যয়ের প্রতিটি খাতের সঠিক তথ্য হলফনামা আকারে জমা দিতে হবে।
অর্থ-বাণিজ্য: আহসান এইচ মনসুরের বিদায়, নতুন গভর্নর মোস্তাকুর রহমান
সারাদেশ: কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু