আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে। রেলপথে যে কোনো ধরনের দুর্ঘটনা রোধ এবং ট্রেনের শিডিউল ঠিক রাখতে নিয়মিত পেট্রোলিং বা টহল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই পরিকল্পনার কথা জানানো হয়।
রেলওয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঈদযাত্রায় রেল সেতুগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে সিগন্যালিং ব্যবস্থা, ট্রেনের কোচ এবং ইঞ্জিনের নিবিড় পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটলে দ্রুত উদ্ধারকাজ পরিচালনার জন্য নির্ধারিত স্থানগুলোতে রিলিফ ট্রেনসমূহ সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে।
যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও ট্রেনের শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ কিছু স্টেশনে টিকিট বিক্রির ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। আগামী ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃনগর ট্রেনের কোনো টিকিট ইস্যু করা হবে না।
যাত্রী চাপ সামলাতে এবং ভোগান্তি কমাতে বিমানবন্দর স্টেশন থেকে ঢাকা এবং ঢাকা থেকে বিমানবন্দর অভিমুখী আন্তঃনগর ট্রেনের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর থাকবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তা ও সময়মতো গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী ট্রেন চলাচল বজায় রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
অর্থ-বাণিজ্য: বিশ্ববাজারে তেলের দাম সাত মাসের মধ্যে সর্বোচ্চ
অর্থ-বাণিজ্য: বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়ালো
সারাদেশ: বাঁচার আকুতি গৃহবধূ মুন্নির