দেশের জেলা পর্যায়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকির জন্য জেলা আইন-শৃঙ্খলা কমিটি পুনর্গঠন করেছে সরকার।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা আদেশে বলা হয়েছে, ২০২৫ সালের ২ সেপ্টেম্বর গঠিত কমিটি সংশোধন করে নতুন কাঠামো নির্ধারণ করা হয়েছে।
নতুন কাঠামো অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট কমিটির সভাপতি এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিতে পুলিশ সুপারসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
মেট্রোপলিটন জেলাগুলোতে ডেপুটি পুলিশ কমিশনার সদস্য হিসেবে থাকবেন। সীমান্তবর্তী ও উপকূলীয় জেলাগুলোতে সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিবি বা কোস্ট গার্ডের প্রতিনিধিকেও সদস্য করা হবে।
কমিটিতে জেলা পর্যায়ের স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, সমাজসেবা, প্রাণিসম্পদ, মৎস্য, মহিলা বিষয়ক ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌরসভার মেয়র বা প্রশাসকরাও সদস্য থাকবেন।
পাশাপাশি জেলা বার অ্যাসোসিয়েশন, চেম্বার অব কমার্স, জেলা প্রেসক্লাব এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রতিনিধিরাও কমিটিতে অন্তর্ভুক্ত থাকবেন। জেলা ম্যাজিস্ট্রেটের মনোনয়নে মুক্তিযোদ্ধা প্রতিনিধি এবং একজন নারীসহ পাঁচজন গণ্যমান্য ব্যক্তিও সদস্য হবেন।
অফিস আদেশে বলা হয়েছে, জেলার সংসদ সদস্যরা কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। সভার কার্যবিবরণী নিয়মিত তাঁদের কাছে পাঠাতে হবে এবং প্রয়োজনে সভায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে হবে।
কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ পর্যালোচনা, অপরাধ নিয়ন্ত্রণে পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়ন করা।
বিশেষ করে খুন, ধর্ষণ, ছিনতাই, অপহরণ, এসিড নিক্ষেপ, নারী ও শিশু পাচার, কিশোর গ্যাং ও মাদকসংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, কমিটি প্রতি মাসে অন্তত একবার বৈঠক করবে। প্রয়োজন হলে অতিরিক্ত বৈঠক করা যাবে। সভায় পুলিশ সুপারকে প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ উপস্থিত থাকতে হবে।
এতে আরও বলা হয়েছে, স্থানীয় প্রয়োজন অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করতে পারবেন।
নগর-মহানগর: শহিদ পুলিশদের প্রতি শ্রদ্ধা নবনিযুক্ত আইজিপির
অর্থ-বাণিজ্য: আগে কাজ করি তারপরে কথা বলব, যোগ দিয়ে বললেন নতুন গভর্নর
নগর-মহানগর: ৬ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না টিসিবির পণ্য
অপরাধ ও দুর্নীতি: যুদ্ধাপরাধের দণ্ড থেকে খালাস পেলেন আরেকজন
সংস্কৃতি: অমর একুশে বইমেলা অবশেষে শুরু আজ